১৫ দিনের রাজস্বই সাড়ে ২৩ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি থেকে এযাবৎ বছরে সর্বোচ্চ প্রায় নয় লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবারের বর্ষা মৌসুমের শুরুতেই ১৫ দিনের জন্য সাড়ে ২৩ লাখ টাকায় এই কোয়ারি ইজারা নিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম।
মামলার কারণে ইজারাবহির্ভূত থাকায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন রাজস্ব আদায়ে খাস-কালেকশন পদ্ধতিতে (দৈনিক ভিত্তিতে রাজস্ব আদায়) প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে ওই ইজারা দিয়েছে।
লোভাছড়ায় এবারের বর্ষায় ‘পাথরের ঢল’ লুটপাটে ক্ষমতাসীন দলের দুটি পক্ষ সক্রিয় ছিল। পাথর কোয়ারির কর্তৃত্ব নিয়ে দুই পক্ষে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলাও হয়েছে৷ এ নিয়ে ৩ জুন প্রথম আলোয় ‘লোভাছড়ায় “পাথরের ঢল” লুটের প্রস্তুতি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়৷ এ অবস্থায় ৮ জুন এক সপ্তাহের জন্য পাথর কোয়ারির খাস-কালেকশন প্রকাশ্যে নিলাম ডাক হয়। এতে শামসুল আলম ছয় লাখ ৯০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে কোয়ারির ইজারা নেন।
গত সোমবার সাত দিন পার হলে গতকাল সকালে এই কোয়ারি ১৫ দিনের জন্য নিলাম ডাকের আয়োজন করা হয়। এতে সাবেক ইজারাদার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ ২৩ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে নিলাম ডাকে অংশ নিলে শামসুল আলম আরও পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৩ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেন।
জানতে চাইলে কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া লোভাছড়ায় খাস-কালেকশন পদ্ধতিতে নিলাম ডাকে এবারই প্রথম সর্বোচ্চ মূল্যে পাথর কোয়ারি ইজারা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পাথর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, নৌপথ ছাড়া আর কোনো যোগাযোগব্যবস্থা না থাকায় লোভাছড়া পাথর কোয়ারি মূলত বর্ষা এলেই সচল হয়। শুষ্ক মৌসুমে উত্তোলন করা পাথর নৌপথে গন্তব্যে নিয়ে যাওয়ার পর পুরো বর্ষা মৌসুমে চলে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর সংগ্রহ। এটি স্থানীয়ভাবে ‘পাথরের ঢল’ নামে পরিচিত। প্রতি বর্ষা মৌসুমে ৬০ থেকে ৭০ লাখ ফুট পাথর সংগ্রহ করা হয়। উত্তোলিত পাথর প্রতি ফুটের জন্য সরকারকে রাজস্ব দিতে হয় এক টাকা ৯৫ পয়সা। অবশ্য রাজস্ব ফাঁকি দিয়ে এর অন্তত পাঁচ গুণ বেশি ‘পাথর-বাণিজ্য’ হয় বলে কয়েকজন পাথর ব্যবসায়ী জানান৷
ইউএনও জানান, পাথর কোয়ারি নিয়ে উচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা থাকায় উপজেলা প্রশাসন দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম বন্ধ রেখে তিন বছর ধরে খাস-কালেকশনের মাধ্যমে পাথর কোয়ারির রাজস্ব আদায় করছে। এতে গড়ে বছরে সর্বোচ্চ নয় লাখ টাকা রাজস্ব আদায় হওয়ার রেকর্ড উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত রয়েছে। আর ১৫ দিনের জন্য ইজারা দেওয়া হলেও তা দৈনিক ভিত্তিতেই হিসাব করা হবে৷
লোভাছড়ার সাবেক ইজারাদার মোস্তাক আহমদ দাবি করেন, দৈনিক নিলাম ডাকের বিপরীতে সাত দিন কিংবা ১৫ দিন—এভাবে ইজারা দেওয়া আইনসিদ্ধ নয়। তিনি বলেন, ‘গড়ে প্রতিদিন ৫০ হাজার টাকার বেশি রাজস্ব আদায় হওয়ার সম্ভাবনা পাথর কোয়ারিতে নেই। এ অবস্থায় দ্বিগুণের চেয়ে বেশি মূল্য দিয়ে ইজারা নেওয়ার পরিণতি কী হতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।’ অবশ্য গতকাল ১৫ দিনের জন্য ইজারা পাওয়া শামসুল আলম জানান, সরকারের যা প্রাপ্য তা-ই তাঁরা দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে বছরে নয় লাখ টাকা রাজস্ব আদায় হতো। এখন আমার কাছ থেকে দুই দফায় এক সপ্তাহ ও ১৫ দিনে সরকার পাচ্ছে ৩০ লাখের বেশি টাকা। এতেই প্রমাণিত হয়, আগের ইজারাদারিতে সরকারি অর্থেরই লুটপাট হয়েছে।’