১৫ নভেম্বর শাপলা চত্বরে পাল্টা কর্মসূচি তরিকতের
১৫ নভেম্বর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ)।
গতকাল রোববার তরিকতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেশনের নীতিনির্ধারণী সভায় ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত শনিবার চট্টগ্রামের হাটহাজারীর মহাসমাবেশ থেকে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় হেফাজতে ইসলাম। এই মহাসমাবেশে বাধা দিলে লাখ লাখ লাশ পড়বে বলে সরকারকে হুঁশিয়ার করে দেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
একই দিন একই স্থানে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তরিকতের মহাসচিব এম এ আউয়াল প্রথম আলোকে বলেন, ‘এর আগে আমরা তিনবার সমাবেশের তারিখ ঘোষণা করে স্থগিত করেছি। এবার ১৫ নভেম্বর মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি দাবি করেন, হেফাজতের কর্মসূচি ঘোষণার আগেই ১৫ নভেম্বর সমাবেশ করার প্রস্তুতি ছিল তরিকতের।
একই স্থানে দুটি সমাবেশ সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে এম এ আউয়াল বলেন, ‘এটা দেখার দায়িত্ব প্রশাসনের। তবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই।’
তরিকতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে গতকালে সভায় সব দলের অংশগ্রহণে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এবং বাংলাদেশকে ‘আফগানি তালেবান রাষ্ট্র বানানোর চক্রান্তের’ বিরুদ্ধে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মহাসচিব এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে তরিকত ফোডারেশনের এই মহাসমাবেশ ডাকাকে ‘সরকারের ফন্দি’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাঈনুদ্দীন রুহী। তিনি দাবি করেন, হেফাজতের মহাসমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারির অজুহাত তৈরির জন্য সরকার তরিকত ফেডারেশনকে ব্যবহার করছে।