১৫ নভেম্বরের পর নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন

এ বছর ১৫ নভেম্বরের পর যেকোনো সময় ঢাকার কেরানীগঞ্জে উদ্বোধন করা হবে নতুন কেন্দ্রীয় কারাগার। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশি বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
বন্দী কল্যাণ ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজে কারাবন্দীদের পুনর্বাসন নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয়।
কেরানীগঞ্জে নতুন কেন্দ্রীয় কারাগারের উদ্বোধনের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘গত সপ্তাহে গণপূর্ত বিভাগের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন, ১৫ নভেম্বরের মধ্যে উদ্বোধনের জন্য কারাগারটি তৈরি হয়ে যাবে। এরপর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে। তিনি যখন সময় দেবেন তখনই কারাগার উদ্বোধন করা হবে। তবে এ বছরের ১৬ ডিসেম্বরের আগেই নতুন এই কারাগার উদ্বোধন করা সম্ভব হবে।’
প্রাথমিক অবস্থায় ওই কারাগারে চার হাজার পুরুষ বন্দী রাখার ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে তা আট হাজারে উন্নীত করা সম্ভব হবে বলে জানান তিনি।
দেশে বিদ্যমান পরিস্থিতিতে কারাগারের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফতেখার উদ্দীন বলেন, ‘কারাগারে সব সময় আমরা অ্যালার্ট থাকি। এখানে রেড অ্যালার্টের কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আমাদের কিছু বলা হয়নি। আর যেসব আসামি নিয়ে ঝুঁকি রয়েছে, তাঁদেরও যথেষ্ট সতর্কতার সঙ্গে রাখা হয়েছে। আমাদের আলাদা করে প্রস্তুতির কিছু নেই।’


সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ইফতেখার আরও বলেন, বর্তমানে বাংলাদেশের কারাগারসমূহে বন্দী ধারণক্ষমতা ৩৪ হাজার ৬৮১ জন। অথচ বন্দীর সংখ্যা ৭১ হাজার ২৪১ জন। যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। আর এই কারাবন্দীদের ৭০ শতাংশ বিচারাধীন।

কারাগারে বিদেশি বন্দীদের বিষয়ে কারা মহাপরিদর্শক বলেন, ‘বিদেশি নাগরিকদের আলাদা সংস্কৃতি ও জীবনযাপনের ধরনের কারণে তাঁদের সাধারণ বন্দী থেকে আলাদা সেলে রাখা হয়। বর্তমানে দেশে ৫১৪ জন বিদেশি বন্দী আছেন। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা ৭৩ জন। তিনি বলেন, ‘অনেক বিদেশি বন্দী হওয়ার সময় ভুল ঠিকানা দেন। মুক্তি পেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে তাঁদের তথ্য পাঠানো হয়। তাঁরা বন্দীদের ঠিকানা ভেরিফাই করে আমাদের কাছে তথ্য পাঠালে ওই দূতাবাসের কাছে হস্তান্তর করি। এটা করতে বেশ সময় লেগে যায়। এ কারণে অনেক বিদেশি মুক্তি পেলেও তাঁদের ছাড়া সম্ভব হয় না।

কারাগারে মোবাইল ব্যবহার করে অপরাধ সংঘটন নিয়ে সাংবাদিকদের এক জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘আমরা সব সময় তল্লাশি অভিযান পরিচালনা করছি। তবে অনেক সময় কারাগার থেকে কোর্টে যাওয়ার সময় আসামিরা এই সুবিধাটা নেয়। কোর্টে থাকার সময়টাকে অপরাধীরা বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের উপযুক্ত সময় হিসেবে বেছে নেয়। তবে আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। ১৯৮৪ সালের জনবল নিয়ে কারাগার চালাচ্ছি। কারা পুলিশের কোনো সাপ্তাহিক ছুটিও থাকে না।’ ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ছাড়া কারাগার থেকে ফোনে কথা বলার কোনো রেকর্ড নেই বলেও জানান তিনি। এরপর তল্লাশি চালিয়ে বন্দীদের কাছ থেকে মোবাইল, মাদকসহ বিভিন্ন উপকরণ সাংবাদিকদের দেখান কারা মহাপরিদর্শক। তিনি বলেন, ‘সদিচ্ছা না থাকলে এগুলো উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হতো না।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবীরসহ কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।