রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেল জয়ী হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৫টি পদে প্রগতিশীল শিক্ষক সমাজ ও আওয়ামী লীগ-সমর্থিত নীল দল দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে প্রগতিশীল শিক্ষক সমাজের গণিত বিভাগের শিক্ষক আর এম হাফিজুর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তাবিউর রহমান প্রধানসহ বিভিন্ন পদে তাঁদের ১২ জন নির্বাচিত হন।
আওয়ামী লীগ-সমর্থিত নীল দল থেকে সহসভাপতি ও দুজন সদস্যসহ তিনজন বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মাসুদ রানা বলেন, ১৩৩ জন ভোটারের মধ্যে ১১২ জন ভোট দিয়েছেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।