১৫ পদের ১৪টিতেই নীল দল বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

xঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের ১৪টিতেই আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। সমিতির সভাপতি পদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকেলে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া ফল ঘোষণা করেন। তিনি বলেন, সমিতির ১ হাজার ৯৫০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৬৬ জন ভোট দিয়েছেন।
নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল থেকে জয়ী একমাত্র প্রার্থী হলেন সদস্য পদে আন্তর্জাতিক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। দীর্ঘদিন পর এবার সরকার-সমর্থকদের বাইরে গিয়ে আলাদা প্যানেলে নির্বাচন করে বামপন্থী শিক্ষকদের গোলাপি দল। তবে এ দলের কেউ জয়ী হননি। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান, তিনি আগে নীল দলে ছিলেন।
শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য পদগুলোতে নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার, কোষাধ্যক্ষ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম; সদস্য পদে কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ, প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।