১৫ পরিবারকে একঘরে করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাসিয়াপাড়া গ্রামের সংখ্যালঘুসহ ১৫টি পরিবারের লোকজনকে এক সপ্তাহ ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে ওই পরিবারগুলোকে এ শাস্তি দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, ১৫ জুন অনুষ্ঠিত পাইলগাঁও ইউপির নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হন চেয়ারম্যান পদপ্রার্থী খাসিয়াপাড়া গ্রামের দবিরুল ইসলাম। ১৭ জুন রাতে তিনি নিজ বাড়িতে গ্রামবাসীকে ডেকে বৈঠক করেন। তাঁকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে ওই বৈঠকে গ্রামের ফয়জুল ইসলাম ও আবদুল মতলিবের পরিবার এবং ১৩টি হিন্দু পরিবারকে সমাজচ্যুত ঘোষণা করেন এবং ‘পাঁচেরবাদ’ (একঘরে করে রাখার নির্দেশ) দেন। এরপর থেকে ওই পরিবারগুলোকে একঘরে অবস্থায় রাখা হয়েছে। খাসিয়াপাড়া গ্রামের ফয়জুল ইসলাম বলেন, ‘আমার শ্বশুরবাড়ির আত্মীয়তার সুবাদে অপর এক চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য আমার বাড়িতে আসেন। এ কারণে দবিরুল ইসলাম মনে করেছেন, আমি তাঁকে ভোট দেইনি। তাই আমাকে “পাঁচেরবাদ” দিয়ে একঘরে করে রাখা হয়েছে।’নাম প্রকাশে অনিচ্ছুক সংখ্যালঘু পরিবারের কয়েকজন বলেন, তাঁরা দরিদ্র ও নিরীহ মানুষ। শুধু শুধু তাঁদের সমাজচ্যুত করে রাখা হয়েছে। এ জন্য গত শুক্রবার গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের দাওয়াত দিতে নিষেধ করা হয়। অভিযোগ অস্বীকার করে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী দবিরুল ইসলাম বলেন, নির্বাচনের পরে গ্রামের শান্তি বজায় রাখার জন্য বৈঠক করে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। সংঘাত এড়ানোর জন্য তাঁকে ভোট না দেওয়া ব্যক্তিদের নিজেদের মতো করে চলতে বলা হয়েছে। এখানে সমাজচ্যুত করার মতো কোনো ঘটনা ঘটেনি।