১৫ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোলাঙ্গীরপাড় ট্রান্সফরমারের নিয়ন্ত্রণকারী রমজান আলী ও তাঁর লোকজন ২৩টি পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছে ১৫টি পরিবার।
ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ১০টি পরিবার গত ৩০ এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হাতীবান্ধা আবাসিক প্রকৌশলীর কাছে আবার বিদ্যুৎ-সংযোগ চেয়ে আবেদন করেছে। আবেদনকারীদের মধ্যে আছেন: শাহিনুর ইসলাম, রবিউল ইসলাম, আবু তাহের, মোহাম্মদ আলী, সুকুর আলী, মোজাফফর আলী, চান মিয়া প্রমুখ।
আবেদন সূত্রে জানা যায়, উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামের শাহিনুর ইসলাম, রবিউল ইসলামসহ ১৫টি পরিবার পিডিবির দৈইখাওয়া ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ-সংযোগ নেয়। কিন্তু লো-ভোল্টেজের সমস্যা দেখা দেওয়ায় পরিবারগুলোর পক্ষ থেকে নিকটবর্তী অন্য কোনো ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ-সংযোগ দিতে হাতীবান্ধা আবাসিক প্রকৌশলীর কাছে আবেদন করা হয়। প্রকৌশলী ২০ এপ্রিল মোলাঙ্গীরপাড় এলাকার ট্রান্সফরমার থেকে পরিবারগুলোকে বিদ্যুৎ-সংযোগ নিতে অনুমতি দেন। কিন্তু ওই ট্রান্সফরমার নিয়ন্ত্রণ করেন স্থানীয় গোতামারী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী রমজান আলী এবং তাঁর লোকজন। তাঁরা ২১ এপ্রিল এখান থেকে বিদ্যুৎ নেওয়া ওই ১৫ পরিবারের ২০০ মিটার সংযোগ তার কেটে নেন।
ভুক্তভোগী শাহিনুর ইসলাম অভিযোগ করেন, ‘আমরা রমজান আলীদের তাদের চাহিদামতো টাকা দিইনি। তাই ওরা আমাদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা হাতীবান্ধা আবাসিক প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। তিনি এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।’
রমজান আলী বলেন, ‘শাহিনুর রহমানরা এলাকায় বিদ্যুৎ-সংযোগের ব্যবসা করে। তারা নিজেদের বরেন্দ্র উন্নয়ন প্রকল্পভুক্ত এলাকার লোক বলে দাবি করে মোলাঙ্গীরপাড়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের সময় কোনো আর্থিক সহায়তা করেনি। তাই ওদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’
পিডিবির হাতীবান্ধা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আবু আসাদ প্রামাণিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।