১৫ পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় জেলহাজতে নেওয়ার পথে স্কুলশিক্ষক চাঁন মিয়ার (৫৫) মৃত্যুর ঘটনায় কবিরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ১৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।গণধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষক চাঁন মিয়াকে। ওই মামলার বাদীর ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত চাঁন মিয়ার ছেলে শওকত হোসেন অভিযোগ করেন, স্কুলে যাওয়ার পথে গত সোমবার সকালে বাইদগাঁও বাজার থেকে তাঁর বাবাকে গ্রেপ্তার করেন কবিরপুর পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আবুল কালাম আজাদ। এ সময় পুলিশ ও মামলার বাদীর লোকজন তাঁর বাবাকে মারধর করেন। এ কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে।এ অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন ও ঢাকার আদালত পরিদর্শক রবীন্দ্রনাথ।তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে।এদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে গতকাল কবিরপুর পুলিশ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার আবুল কালামসহ ওই ফাঁড়ির সব সদস্যকে (১৫ জন) প্রত্যাহার করা হয়েছে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, আদালতের নির্দেশে গতকাল ধর্ষণ মামলার বাদীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। নিহত চাঁন মিয়ার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।পুলিশ ও এলাকাবাসী জানান, আশুলিয়ার বাইদগাঁও গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক চাঁন মিয়ার সঙ্গে একই গ্রামের হাফিজ উদ্দিন মুন্সির বিরোধ চলছে জমি নিয়ে। এ নিয়ে তাঁদের পাল্টাপাল্টি দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন। এই বিরোধের জের ধরে হাফিজ উদ্দিনের ষড়যন্ত্রে স্থানীয় এক নারী পোশাকশ্রমিক ২ অক্টোবর চাঁন মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ছাড়াই তা মামলা হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে আশুলিয়া থানা রোববার মামলা করে সোমবার সকালে চাঁন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে সোমবার সন্ধ্যায় চাঁন মিয়া মারা যান।