১৫ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার ১৫ পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় তাঁদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন।
গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে নির্বাচিত ওই ১৫ জন মেয়রের মধ্যে ১৪ জনই আওয়ামী লীগের। কেবল খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। মেয়রদের সঙ্গে এসব পৌরসভার ১৩৫ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ৪৫ জন নারী কাউন্সিলরও শপথ নিয়েছেন।
প্রথমে মেয়রদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রুহুল আমিন। এরপর সংরক্ষিত পদের ৪৫ জন নারী কাউন্সিলর এবং সব শেষে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া মেয়ররা হলেন সন্দ্বীপের জাফর উল্লাহ, বারইয়ারহাটের নিজাম উদ্দিন, মিরসরাইয়ের গিয়াস উদ্দিন, সীতাকুন্ডের বদিউল আলম, রাউজানের দেবাশীষ পালিত, রাঙ্গুনিয়ার মো. শাহজাহান সিকদার, সাতকানিয়ার মো. জোবায়ের, চন্দনাইশের মাহবুবুল আলম, পটিয়ার হারুনুর রশিদ, বাঁশখালীর সেলিমুল হক চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার রফিকুল আলম, মাটিরাঙ্গার মো. শামছুল হক, রাঙামাটির আকবর হোসেন চৌধুরী, বান্দরবনের মোহাম্মদ ইসলাম এবং লামা পৌরসভার মো. জহিরুল ইসলাম।
শপথ নেওয়ার পর সন্দ্বীপের পৌর মেয়র জাফর উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমি এর আগেও পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেছি। মানুষের ভালোবাসা নিয়ে এবারও জয়ী হয়েছি। সন্দ্বীপ পৌরসভায় বসবাসকারী মানুষের সর্বোচ্চ নাগরিকসুবিধা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাই।’