১৫ প্রভাষকের একযোগে বদলির আদেশ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে একযোগে বদলি করা ১৫ প্রভাষকের সবাইকে তাঁদের কর্মস্থলে বহাল রাখা হয়েছে। এর আগে তাঁদের বদলির আদেশ বাতিল করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় নতুন এ আদেশের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মামুন পারভেজ গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, সিভিল সার্জনের অধীন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে থাকা চিকিৎসা কর্মকর্তাদের তালিকা অনুসারে ওই ১৫ জন প্রভাষককে বদলি করা হয়েছিল। তবে মেডিকেল কলেজে তাঁদের প্রেষণে থাকার বিষয়টি জানা ছিল না। এটা নিয়ে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। তাঁদের সবাইকে নিজ নিজ উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে বহাল রাখা হয়েছে।
এ বিষয়ে মেডিকেল কলেজটির অধ্যক্ষ ইফতেখার মাহমুদ বলেন, ‘আজ (সোমবার) প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে তাঁদের বহাল রাখার জন্য একটি তালিকা চেয়ে পাঠায়। বেলা একটার দিকে নামের তালিকা খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে ফ্যাক্সযোগে পাঠানো হয়।’
প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় ‘১৫ প্রভাষকের সবাইকে একযোগে বদলি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো রকমের বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই নেওয়া এ পদক্ষেপে প্রতিষ্ঠানটির পাঠদান ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ঈদের ছুটি শেষে গতকাল থেকে কলেজটিতে ক্লাস শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালকের এক চিঠিতে ওই প্রভাষকদের (চিকিৎসক) বিভিন্ন জেলায় বদলির নির্দেশ দেওয়া হয়েছিল।