১৫ বছর ধরে নেই প্রধান শিক্ষক। তিন বছর ধরে নেই ইংরেজির শিক্ষক। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে চলছে ইংরেজির পাঠদান। জোড়াতালি দিয়ে পাঠদান চালানোর এই চিত্র ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৮৬ সালে সরকারি হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীর কোনো পদ নেই। ১৯৯৮ সাল থেকে নেই প্রধান শিক্ষকও। সহকারী শিক্ষক আয়েশা বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে চলেছেন। হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক আয়েশা বেগম ওই দায়িত্বে থাকায় নিয়মিত পাঠদান করতে পারছেন না। শরীরচর্চার শিক্ষক দিয়ে চলছে হিসাববিজ্ঞানের পাঠদান। ভৌতবিজ্ঞান বিষয়েও নেই শিক্ষক।কয়েকজন শিক্ষার্থী জানায়, তিন বছর ধরে ইংরেজির শিক্ষক না থাকায় এটি পড়াচ্ছেন অন্য শিক্ষকেরা। এতে ক্লাসে যেমন মনোযোগ বসানো যায় না, তেমনি অনেক কিছু বোধগম্য হয় না। ফলে তারা বিষয়টিতে দুর্বল হয়ে পড়ছে।শিক্ষিকা আয়েশা বেগম বলেন, ‘প্রশাসনিক দায়িত্বে থাকায় আমার পক্ষে হিসাববিজ্ঞান বিষয়ে নিয়মিত পাঠদান করা সম্ভব হচ্ছে না। প্রধান শিক্ষক ও ইংরেজির শিক্ষক না থাকার বিষয়টি কর্তৃপক্ষের কাছে বারবার লিখিতভাবে জানানো হয়েছে। সহকারী শিক্ষক হয়েও আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের ভূমিকা পালন করতে হচ্ছে। অফিস সহকারীর কাজও করতে হয়।’ এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক সেতারা খাতুন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। উপপরিচালক (ডিডি) মনোয়ারা বেগম দুই মাসের ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি এলে পরামর্শ করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’