দিনাজপুর বন বিভাগের বিরামপুর উপজেলার চরকাই রেঞ্জের বিট কর্মকর্তার পরিত্যক্ত ভবনে কার্যক্রম চলছে। ১৫ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও আজও সেখানে নতুন ভবন নির্মিত হয়নি। এতে ঝুঁকি নিয়েই রেঞ্জের কর্মকর্তারা সেখানে কাজ করতে বাধ্য হচ্ছেন।
চরকাই রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে বিরামপুরের চরকাই এলাকায় বিরামপুরের চরকাই সদর, নবাবগঞ্জ, হরিপুর, ভাদুরিয়া ও প্রয়াগপুর এই পাঁচ বিট নিয়ে চরকাই রেঞ্জ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে চরকাই বিট কার্যালয়েই রেঞ্জের কার্যক্রম চলে আসছে।
চরকাই রেঞ্জের অধীনে বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার সাত হাজার ৫০০ একর বনভূমি রয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, চরকাই বিট কর্মকর্তার পুরাতন ভবনের তিনটি কক্ষের দুটিই পরিত্যক্ত। একটি কক্ষে ঝুঁকি নিয়ে কাজ করছেন বিট কর্মকর্তা। তাঁর পাশের অন্য টেবিলে কাজ করছেন রেঞ্জ কর্মকর্তা।
এ ছাড়া বন কর্মকর্তা ও দুজন বন প্রহরীর জন্য আলাদা বাসভবন রয়েছে। সবগুলো ভবনের ওপরই টিনের ছাউনি দেওয়া। ভবনগুলোর দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে।
চরকাই রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, ১৫ বছর আগেই চরকাই বিটের সব ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে রেঞ্জের নিজস্ব কার্যালয় না থাকায় প্রয়োজনীয় জনবল নিয়োগ করা সম্ভব হয়নি।
বিট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঝুঁকি নিয়েই সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে তাঁদের পরিবারের সদস্যরা সব সময় উৎকণ্ঠায় থাকেন।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মো. আলী কবীর প্রথম আলোকে জানান, এ বছর চরকাই রেঞ্জের কার্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দ এসেছে। শিগগিরই কাজ শুরু হবে।