১৫ বছর ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-আগৈলঝাড়া সড়কটি ১৫ বছর ধরে সংস্কার হচ্ছে না। ফলে এটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মস্তফা হাওলাদারের বাড়ির কাছ থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-আগৈলঝাড়া সড়কটি ১৫ বছর ধরে সংস্কার হচ্ছে না। ফলে এটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মস্তফা হাওলাদারের বাড়ির কাছ থেকে গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-আগৈলঝাড়া সড়কটি ১৫ বছর ধরে সংস্কার হচ্ছে না। ফলে এটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সাত কিলোমিটার দীর্ঘ সড়কটির দুই কিলোমিটার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে।
বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৯৯৯ সালে সড়কটি কার্পেটিং (পিচ ঢালাই) করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি।
সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অনেকখানি অংশের পিচ ও পাথর উঠে গেছে। ৭৫ ফুট সেতু থেকে ভাল্লুকসী পর্যন্ত দুই কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ পথে প্রতিদিন বরিশাল, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার যাত্রী নিয়ে বাস ও মালবাহী ট্রাক চলাচল করে। যাত্রী ও পণ্য পরিবহনে তাই চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় অনেকে জানান, সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো ডুবে যায়। তখন যানবাহন ওই গর্তে পড়ে।
উপজেলার বার্থী এলাকার রহমান ফকির (৭৫) , হারুন মিয়া (৬০), আবুল হোসেন (৫৫). মো. সেলিম সরদার (৪৫), নীল কান্ত (৫৫), অানিচুর রহমানসহ (৪৪) অনেকে জানান, সড়কটির দুরবস্থা দিন দিন বেড়েই চলছে। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ চলাচল করছে।
এ পথে চলাচলকারী বাসের চালক বেলাল হোসেন, হুমায়ুন কবিরসহ অনেকে অভিযোগ করেন, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে একটানা বৃষ্টির ফলে রাস্তার ওপর ঢালাই দেওয়া পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে গাড়ি পড়ে ভোগান্তি বাড়ছে।
বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন সভায় ও সওজের কর্তৃপক্ষকে অনেকবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি।
সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল বলেন, ‘সড়কটির কিছু অংশের অবস্থা নাজুক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, খুব দ্রুত সংস্কার করা হবে।’