১৫ বছর ধরে সাঁকোতে পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার মধ্য দিয়ে যাওয়া আত্রাই নদের শিবগঞ্জ ও গোপীনাথপুর গ্রামের অংশে সেতুর অভাবে ২০ থেকে ২৫ গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষায় নদে নৌকা চললেও শুষ্ক মৌসুমে হাঁটুপানি থাকে। তখন নদের ওপর স্থানীয় লোকজনের বানিয়ে নেওয়া একটি সাঁকো দিয়েই উপজেলার চান্দাশ ও উত্তরগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের চলাচল করতে হয়।
সরেজমিনে সম্প্রতি দেখা যায়, নদের পূর্ব পাশে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ গ্রাম। আর পশ্চিমে চান্দাশের গোপীনাথপুর গ্রাম। শিবগঞ্জ খেয়াঘাটে বাঁশের খুঁটি ও চাটাই দিয়ে করা হয়েছে সাঁকো।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শিবগঞ্জ ঘাট দিয়ে নদ পার হলে উত্তরগ্রাম থেকে নওগাঁর দূরত্ব ২০ কিলোমিটার আর মহাদেবপুর উপজেলা সদরের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার। কিন্তু শিবগঞ্জ ঘাট থেকে বিকল্প রাস্তা দিয়ে মহাদেবপুর সদরের দূরত্ব সাত কিলোমিটার। আর মহাদেবপুর থেকে নওগাঁর দূরত্ব ২৫ কিলোমিটার। এখানে সেতু হলে জেলা শহরে যাতায়াতে কমপক্ষে ১২ কিলোমিটার দূরত্ব কমে যেত। বাঁশের এই সাঁকোটি দিয়ে কোনোমতে পারাপারের প্রয়োজন মেটানো গলেও রোগী বা পণ্য আনা-নেওয়া করা ভয়াবহ কঠিন হয়ে পড়ে। এদিকে বর্ষায় আবার বন্যার পানির তোড়ে সাঁকো ভেসে যায়। তখন নৌকা ছাড়া নদ পার হওয়া সম্ভব হয় না।
নদের পূর্ব পাশে রয়েছে শিবগঞ্জ বাজার, উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়, শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবগঞ্জ উচ্চবিদ্যালয়। নদের পশ্চিম পাশে অবস্থিত গ্রামগুলোর কাছাকাছি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় চান্দাশ ইউনিয়নের গোপীনাথপুর, গঙ্গারামপুর, শাহজাদপুর, শ্রীরামপুরসহ ছয়-সাতটি গ্রামের ছেলেমেয়েদের প্রতিদিন সাঁকো দিয়ে নদ পার হয়ে পূর্ব পারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেতে হয়। এ ছাড়া সপ্তাহে দুই দিন (রবি ও বৃহস্পতিবার) শিবগঞ্জে হাট বসে। ওপারের লোকজনকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে বা বেচাবিক্রি করতেও শিবগঞ্জ বাজারেই আসতে হয়।
শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ও সাবিহা জানায়, তারা নদের ওপারে গোপীনাথপুর গ্রামে থাকে। জন্মের পর থেকেই তারা বর্ষায় নৌকা আর বছরের বাকি সময় এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়ে থাকে। তাদের গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় সাঁকো পার হয়ে এই পারে বিদ্যালয়ে আসতে হয়। প্রতিদিন সাঁকো পারাপারের জন্য এটি দেখভালকারীদের চার টাকা করে দিতে হয়।
বর্ষায় এই খেয়াঘাটে নৌকা চালান মমতাজ উদ্দীন (৬৪)। তিনি বলেন, ‘আগে সারা বছর নৌকাত করে মানুষ নদী পার করে দিছি। কিন্তু এখন শুকনা মৌসুমে নদীতে নৌকা চলে না। আবার হেঁটেও পার হওয়া যায় না। তাই নদী পারাপারের সুবিধার জন্য প্রায় ১৫ বছর আগে এলাকার লোকজন এই ঘাটে প্রথম সাঁকো নির্মাণ করে।’ এখন প্রতি বর্ষায় সাঁকোটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার তা মেরামত করে শুষ্ক মৌসুমে যাতায়াত করতে হয়।
উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ফয়সাল বলেন, এখানে একটি সেতু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি বর্তমান স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেছেন। এর আগের সাংসদকেও বিষয়টি জানানো হয়েছিল। তিনি এখানে একটি সেতু নির্মাণের জন্য তাঁর দিক থেকে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান চেয়ারম্যান শাহ আলম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তাজকির উজ-জামান বলেন, ‘ওখানে একটি সেতু হওয়া খুবই প্রয়োজন। এ ব্যাপারে আমি নিজে এবং স্থানীয় সাংসদ তদবির করছেন। শিগগিরই ওই জায়গায় একটি সেতু নির্মাণের প্রকল্প গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে।’