১৫ বছর পর নিজ বাড়িতে ফিরছেন শিখা
হারিয়ে যাওয়ার ১৫ বছর পর মাস খানেক আগে শিখা আক্তার মায়ের দেখা পেয়েছিলেন। তবে সেদিন মেয়েকে শুধু চোখের দেখা দেখেই বাড়ি ফিরেছিলেন মা। আর আজ সোমবার শিখাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছেন মা রহিমা খাতুন।
গত ২৮ জুন দীর্ঘ ১৫ বছর পর হারিয়ে যাওয়া মেয়ের সঙ্গে মিলন ঘটে মায়ের। কথা ছিল, ঈদের পর যেকোনো সময় শিখাকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে তুলে দেওয়া হবে। আজ সেই প্রক্রিয়া শেষে খুলনায় এসে মেয়েকে নিয়ে গেছেন মা।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী মোমিনুল ইসলাম এই মিলনের পেছনের কারিগর। আজ সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিখাকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়, ফাউন্ডেশনের সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় সমন্বয়ক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর পুমদী গ্রামের গিয়াস উদ্দিন ও রহিমা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান শিখা। তাঁর বয়স যখন আট-নয় বছর, তখন তুলি নামের স্থানীয় এক নারী কাজ দেওয়ার নাম করে তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে কয়েক হাত ঘুরে শিখা আসেন খুলনায়। প্রথমে নগরের জোড়াকল বাজারের একটি বাড়িতে কাজ করতেন তিনি। এরপর প্রায় ১৫ বছর ধরে নগরের নিউ মিয়াপাড়া রোডের আবুল মিয়ার বাড়িতে ছিলেন তিনি।
ঢাকা থেকে নিখোঁজের পরই শিখার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শিখার বাড়ির লোকজনও জানতেন শিখা হারিয়ে গেছে। শিখার বাবা মারা গেছেন তিন বছর আগে। বেঁচে থাকতে ঢাকার মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি।
মোমিনুল ইসলাম জানান, প্রথম দিন শিখার মা ও আত্মীয়রা তাঁকে দেখেই কিশোরগঞ্জে ফিরে যান। কারণ, শিখা তাঁদের সঙ্গে ফিরতে চায়নি। পরবর্তী সময়ে মা-মেয়ের কথা হলে শিখা বাড়ি ঘুরে আসার ইচ্ছা প্রকাশ করেন। পরে দুই পরিবারের ইচ্ছাতেই শিখা বাড়ি ফিরে গেছেন। সেখানে শিখার যদি ভালো না লাগে তাহলে সে খুলনায় ফিরে আসবে। এমন কথার ভিত্তিতেই তাঁকে ফেরত নিয়ে গেছে।
ফিরে যাওয়ার সময় শিখা বলেন, ‘অনেক অনেক আনন্দ লাগছে। আল্লাহর কাছে সব সময় মা–বাবার জন্য দোয়া করেছি। মাকে তো পেলাম, এখন মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু একটাই দুঃখ, বাবাকে আর কোনো দিন দেখতে পাব না।’
গত ২৯ জুন প্রথম আলোতে ‘১৫ বছর পর মায়ের বুকে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন:
১৫ বছর পর মায়ের বুকে