১৫ বছর পর পুলিশ আদালতকে জানাল বাদী মারা গেছেন!
ছেলে হত্যার বিচার চেয়ে ১৯ বছর আগে মামলা করেছিলেন মা। মামলা করার চার বছর পর তিনিও মারা যান। জীবিত অবস্থায় বিচার দেখে যেতে না পারলেও মারা যাওয়ার পর এই মামলায় সাক্ষ্য দিতে গত ১৫ বছরে তাঁর নামে আদালত থেকে ৩২ বার সমন জারি করা হয়েছে। সর্বশেষ ৭ ডিসেম্বর পুলিশ আদালতকে জানায়, মামলার বাদী ১৫ বছর আগে মারা গেছেন।
১৯৯৬ সালের ২৫ মে চট্টগ্রামের সদরঘাট এলাকায় নগরের ইসলামিয়া কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর বাসা ছিল সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের পেছনে। মা তাহেরা বেগম ছেলে হত্যার বিচার চেয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। তদন্ত শেষে এক বছর পর ১৯৯৭ সালের ৩০ মে তালিকাভুক্ত সন্ত্রাসী রাজীব দত্ত ওরফে রিংকুসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষী রাখা হয় ১২ জনকে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে হুমায়ুন হত্যা মামলার বিচার চলছে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০০৩ সালে মহানগর দায়রা জজ আদালত থেকে এটি ট্রাইব্যুনালে আসে। এক মাস পর এক আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসায় এক যুগ মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। এ বছরের অক্টোবর মাসে স্থগিতাদেশ প্রত্যাহার হলে বিচার শুরু হয়। মামলার বাদীর ঠিকানায় শুধু ট্রাইব্যুনাল থেকেই ১৮ বার সমন পাঠানো হয়েছে। এ মামলার সাক্ষী চার পুলিশ কর্মকর্তাসহ কাউকে হাজির করা যাচ্ছে না। মামলার বাদীও মারা গেছেন।
আইয়ুব খান বলেন, স্থগিতাদেশ বহাল থাকার আগে ও পরে এ মামলার বাদীকে হাজির করতে ট্রাইব্যুনাল ও মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তত ৩২ বার সমন জারি করা হয়। কিন্তু পুলিশ বাদীর সন্ধান দিতে পারেনি। সর্বশেষ ৭ ডিসেম্বর নগরের সদরঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন আদালতকে লিখিতভাবে জানান, হুমায়ুন হত্যা মামলার বাদী তাহেরা বেগম ২০০০ সালে মারা যান।
বাদী মারা গেছেন, এ তথ্য ১৫ বছর পর আদালতকে জানানো হলো। এটি কার ব্যর্থতা, তা জানতে চাইলে সরকারি কৌঁসুলি বলেন, সমন যাওয়ার পর পুলিশ গুরুত্ব কম দেয়। অনেক সময় ঠিকানায় না গিয়ে পাওয়া যায়নি বলে প্রতিবেদন জমা দেয়। এ কারণে হত্যা মামলার বাদীর মৃত্যুর খবরটি জানতে দেরি হয়।
জানতে চাইলে সদরঘাট থানার এএসআই বিল্লাল হোসেন গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাদী তাহেরা বেগম মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা সদরঘাট থেকে বাসা পরিবর্তন করেন। বাদীর স্বামী ওই হত্যাকাণ্ডের অনেক আগেই মারা যান। তাঁদের দুই মেয়েরও বিয়ে হয়ে যায়। পরে এক মেয়েকে খুঁজে পাওয়ার পর তাহেরা বেগমের মৃত্যুর বিষয়টি আদালতকে জানানো হয়েছে।
নিহত হুমায়ুন কবিরের বোন বেবি আক্তার প্রথম আলোকে বলেন, ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেননি মা। ২০০০ সালে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতীক্ষায় ছিলেন হত্যাকারীদের ফাঁসি হবে। জীবিত থাকাকালে তাঁর মা আদালতে হাজির হতে কোনো সমন পেয়েছিলেন কি না, তা জানাতে পারেননি বেবি আক্তার।
আদালত ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দুই দশক ধরে ঝুলে আছে হুমায়ুন কবির হত্যা মামলার বিচারকাজ। সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন না তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সাক্ষীরা। মামলার আট আসামির মধ্যে ঘটনার পরপরই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁদের মধ্যে আসামি মো. আনিস অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেন। এখন এই মামলার সব আসামি পলাতক।
জানতে চাইলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, পুলিশ সাক্ষীরা বর্তমানে কোথায় কর্মরত রয়েছেন, তা জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার সাক্ষীদের হাজির করতে সমন পাঠানো হলে পুলিশ বলছে, সাক্ষীদের ঠিকানা ডবলমুরিং থানার আওতাভুক্ত নয়। তাঁরা নতুন থানা সদরঘাটের অন্তর্ভুক্ত। পুলিশ থেকে এ প্রতিবেদন পাওয়ার পর আবার সদরঘাট থানায় সমনগুলো পাঠানো হয়। কিন্তু পুলিশ বলছে, সাক্ষীদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
আদালত সূত্র জানায়, সাক্ষ্য দিতে হাজির না হওয়া পুলিশ সাক্ষীরা হলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার সাবেক উপপরিদর্শক (এসআই) খন্দকার মালেকউজ্জামান, এসআই উত্তম কুমার বিশ্বাস, এএসআই আবদুল মালেক ও কবির আহাম্মদ। এ ছাড়া সাক্ষীদের মধ্যে রয়েছেন সদরঘাট এলাকার বাসিন্দা আলো খান, আনোয়ার হোসেন, এয়ার মোহাম্মদসহ ছয়জন। দুই দশকে মাত্র দুজন সাক্ষীর সাক্ষ্য হয়েছে এ মামলায়। ২০০৩ সালে এ মামলায় সর্বশেষ সাক্ষ্য হয়েছিল। এরপর ৮ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষীরা কেউ হাজির হননি। আদালত আগামী সোমবার পরবর্তী দিন ধার্য রাখেন।
সমন জারি করার পরও সাক্ষীরা হাজির না হওয়ার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, মামলার আগামী ধার্য দিনে সাক্ষীদের হাজির করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সাক্ষীদের ঠিকানা পরিবর্তনের কারণে সমনগুলো ডবলমুরিং থানা থেকে ফেরত এসেছে। আবার সদরঘাট থানার পুলিশও সাক্ষীদের ঠিকানায় গিয়ে তাঁদের অনেককে পায়নি।