১৫ বছর পর মায়ের বুকে

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে খুলনা সদরের দূরত্ব প্রায় সাড়ে তিন শ কিলোমিটার। আসতে সময় লাগে ১৫ ঘণ্টার বেশি। এই সময়টাই অনন্তকাল মনে হচ্ছিল রহিমা খাতুনের (৩৯) কাছে। ১৫ বছর আগে হারিয়ে যাওয়া তাঁর বুকের মানিকের দেখা সত্যিই মিলবে তো! মেয়ে তাঁকে চিনতে পারবে তো!
অবশেষে খুলনা নগরের নিউ মিয়াপাড়া রোডের ৫ নম্বর বাড়িতে গিয়ে এ রকম নানা উদ্বেগের অবসান ঘটল। বাড়িটির দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তাঁর হারিয়ে যাওয়া মেয়ে শিখা (২৫)। ভবনের নিচ থেকে একপলক দেখেই মেয়েকে চিনতে পারলেন মা। আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না। মেয়েও আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচতলায়। ঘটনার আকস্মিকতায় তিনি যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। মায়ের কাছে ছোটবেলার স্মৃতিচারণা শুনতে শুনতেই শিখা জড়িয়ে ধরলেন মাকে। ভেঙে পড়লেন কান্নায়। গতকাল মঙ্গলবার ১৫ বছর পর মা-মেয়ের দেখা হলো।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর পুমাদী গ্রামের রহিমা খাতুন ও গিয়াস উদ্দীন দম্পতির দ্বিতীয় সন্তান শিখা আক্তার। বয়স যখন আট-নয় বছর, তখন তুলি নামের স্থানীয় এক মহিলা কাজ দেওয়ার নাম করে শিখাকে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি বাসায় রেখে তুলি চলে যান। এর কিছুদিন পর মারা যান তুলি। ওই বাসার কর্তা শিখার ওপর অত্যাচার করতেন। পরে ওই বাড়ির এক ভাড়াটের মাধ্যমে শিখার ঠাঁই মেলে ঢাকার এক পুলিশ কর্মকর্তার বাসায়। সেখানে বছর খানেক থাকার পর পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে থাকতে শুরু করেন শিখা। সেই বাড়িতেও শিখাকে নির্যাতন সহ্য করতে হয়। এরপর সেখানকার এক নারীর হাত ধরে শিখা আসেন খুলনায়। প্রথমে নগরের জোড়াকল বাজারের একটি বাড়িতে কাজ করতেন তিনি। এরপর প্রায় ১৫ বছর ধরে নগরের নিউ মিয়াপাড়া রোডের আবুল মিয়ার বাড়িতে আছেন তিনি।
শিখার বাড়ির লোকজনও জানতেন শিখা হারিয়ে গেছে। শিখার বাবা মারা গেছেন বছর তিন আগে।
মা-মেয়ের এই মিলন ঘটানোর পেছনের কারিগর বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলার সমন্বয়ক মোমিনুল ইসলাম। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে মাস দেড়েক আগে তিনি জানতে পারেন, হারিয়ে যাওয়া একটি মেয়ে মিয়াপাড়ার এক বাড়িতে ১৫ বছর ধরে কাজ করছেন। এরপর তিনি মেয়েটির ঠিকানা উদ্ধার করে কিশোরগঞ্জের ওই গ্রামের দুটি মসজিদে মাইকিং করেন। মাইকিং শুনে শিখার পরিবার সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে। দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলতে থাকার একপর্যায়ে গতকাল ভোরে খুলনায় আসেন শিখার মা রহিমা খাতুন, চাচা বেলাল ও প্রতিবেশী মনজুরুল হক। এরপর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা আবুল হোসেনের বাড়িতে গেলে মা-মেয়ের মিলন ঘটে।
রহিমা খাতুন বলেন, ‘মেয়ের জন্য কাঁদতে কাঁদতে চোখ ঝাপসা হয়ে গেছে। এক ঈদের আগে মেয়েকে হারিয়েছি। আরেক ঈদের আগে মেয়েকে আদর করতে পারলাম। ওকে এবার একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাই।’
শিখা বলেন, ‘অনেক অনেক আনন্দ লাগছে। আল্লাহর কাছে সব সময় মা-বাবার জন্য দোয়া করেছি। মাকে তো পেলাম, কিন্তু একটাই দুঃখ, বাবাকে আর কোনো দিন দেখতে পাব না।’
মেয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হবে, এমন প্রত্যাশায় শিখার মা ও স্বজনেরা আপাতত ফিরে গেছেন বাড়িতে। ঈদের পর যেকোনো সময় শিখাকে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে তুলে দেওয়া হবে।