১৫ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা এলাকার কাশেম কলোনির আবুল কাশেম (৫০) হত্যা মামলায় ১৫ বছর পর রায় হয়েছে। রায়ে এরশাদ ও নুরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
আজ সোমবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবনগর গ্রামের এরশাদ ওরফে আরশাদ এবং একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নূরুল ইসলাম পূর্বশত্রুতার জের ধরে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আবুল কাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর গ্রামের ধানখেতে লাশ পুঁতে রাখে। পরে পূর্বধলা থানার পুলিশ আবুল কাশেমের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আবুল কাশেমের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় ২৮ ডিসেম্বর একটি হত্যা মামলা করেন। মামলায় এরশাদ, নূরুল ইসলাম, সোহরাব ও এন্টাসকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগ দাখিল করেন। বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল কাদির ভূঁইয়া এবং আসামিপক্ষে ছিলেন সামছুদ্দিন আহম্মদ।