১৫ বছর পর হতে যাচ্ছে ঘুড়িদহ ইউপি নির্বাচন
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৩ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ–সমর্থিত জাকির হোসেন, বিএনপি–সমর্থিত আবুল কালাম আজাদ আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দীনেশ চন্দ্র রায়, সেলিম আহম্মেদ তুলিপ, জয়নুল আবেদীন ও সামছুল হুদা চৌধুরী।
এ ছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে মামলার কারণে ওই ইউনিয়নে গত ১৫ বছরেও ইউপি নির্বাচন হয়নি। এই ১৫ বছর ধরে চেয়ারম্যান আতাউর রহমান দায়িত্ব পালন করেন। গত বছরের ২৮ ডিসেম্বর আতাউর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ফলে ঘুড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই চলতি বছরের ১৭ এপ্রিল ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত ২৭ এপ্রিল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই হয় ৩০ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ছিল ৭ মে। ২৩ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫ জন।
এ বিষয়ে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্যাহ-আল-মোতাহসিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে ঘুড়িদহ ইউনিয়নের সীমানা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটার আবদুর রশিদ বলেন, এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ, বিএনপি আর স্বতন্ত্র প্রার্থী দিনেশ চন্দ্র রায়ের মধে্য।