১৫ বছরে আয় তিন কোটি টাকা, তবু উন্নয়ন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ বছরে রংপুর পৌরসভার লালবাগ হাট থেকে প্রায় তিন কোটি টাকা আয় করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এ আয়ের শতকরা ৪০ ভাগ অর্থাৎ এক কোটির অধিক টাকা হাটের উন্নয়ন খাতে ব্যয় করার কথা থাকলেও তা মানা হয়নি। ১৫ বছরের মধ্যে এ বছরের শুরুতে মাত্র ২০ লাখ টাকা পয়োনিষ্কাশনে ব্যয় করা হলেও তা ভেস্তে যেতে বসেছে। পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এ হাট ইজারা দেওয়া হয়েছে ৪৭ লাখ ৮০ হাজার টাকায়। এর অগের বছর ইজারা ছিল ৪১ লাখ ৮৫ হাজার টাকা। এভাবে গত ১৫ বছরে গড়ে ইজারার টাকা পৌরসভা পেয়েছে তিন কোটি। সপ্তাহের প্রতি রবি ও বুধবার সকাল থেকে রাত পর্যন্ত হাট বসে। এ ছাড়া অন্যান্য দিন নিয়মিত বাজার বসে। হাটে টয়লেট মাত্র একটি। হাটের পশ্চিম দিকের পায়খানা থেকে ময়লা উপচে পড়ে। গরু-ছাগল কেনাবেচার জায়গার পরিবেশও অস্বাস্থ্যকর। সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। ফলে গরু-ছাগল কেনাবেচা করতে ভোগান্তি পেতে হয়। হাটের ব্যবসায়ী সাইদুল ইসলাম জানান, এ হাট থেকে পৌর কর্তৃপক্ষ আয় করে ঠিকই। কিন্তু উন্নয়ন করার কথা বলা হলেও তারা এ কাজটি করে না। হাটের ইজারাদার মাহমুদুল হাসান বলেন, ইজারার টাকা পৌর কর্তৃপক্ষকে যথাসময় দেওয়া হয়। আমরা এই শেষ অর্থবছরে ভ্যাটসহ মোট ৫৯ লাখ টাকা সরকারি পৌরসভা ও কোষাগারে জমা করেছি। সরকারি নিয়ম থাকলেও ১৫ বছরের ব্যবধানে এখানে কোনো উন্নয়ন করা হয়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন ইজারার শতকরা ৪০ ভাগ টাকা দিয়ে হাটের সংরক্ষণ, মেরামত ও উন্নয়নের নিয়ম থাকলেও তা করা হয়নি—এর সত্যতা স্বীকার করে বলেন, এ বছর মাত্র ২০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। নিয়ম থাকার পরও এ খাতে ব্যয় হলো না কেন, জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। পৌরসভার সচিব মশিউর রহমান বলেন, উন্নয়ন তেমন একটা না হলেও হাটে মানুষের তেমন কোনো সমস্যা হয় না। এ ছাড়া হাটের ইজারার টাকা পৌরসভার অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করা হয়।