১৫ বছরে বাংলাদেশে ২৩ সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৫ বছরে বাংলাদেশে ২৩ জন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ সালে নিহত হন ১৪ জন, আহত হয়েছেন ৫৬১ জন সাংবাদিক। আর ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে নয় বছরে নিহত হন নয়জন সাংবাদিক।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘চাকরি ও জীবনের নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা: অনিশ্চয়তায় সাংবাদিকদের পরিবার’ শীর্ষক এক আলোচনা সভায় এ তথ্য উঠে আসে।
গোলটেবিলের আয়োজন করে দ্য ইকোনমি টুডে ডট নিউজ। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন দ্য ইকোনমি টুডে ডট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ। লিখিত বক্তব্যে তিনি বাংলাদেশের সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘গত দেড় দশকে বাংলাদেশে সাংবাদিক নিহত হয়েছেন ২৩ জন। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ সালে নিহতের সংখ্যা ১৪ জন, আহত হয়েছেন ৫৬১ জন সাংবাদিক। ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে নয় বছরে খুন হন নয়জন সাংবাদিক।’ খুন ছাড়াও সাংবাদিকদের পরিবারের ভোগান্তির কথা তুলে ধরে রহমান মুস্তাফিজ বলেন, ‘যখন-তখন চাকরিচ্যুতির আতঙ্কে সারাক্ষণই থাকতে হয় সংবাদকর্মীদের।’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘একসময় সাংবাদিকদের কেউ ক্ষতি করে পার পেত না, কারণ সাংবাদিকদের মধ্যে একতা ছিল। এখন আমরা বহু ভাগে বিভক্ত, তাই পার পেয়ে যায়। সব খুনের বিচার হয়, কিন্তু দেশে সাংবাদিক খুনের বিচার হয় না। নিজেদের মধ্যে এই বিভক্তির কারণে আমরা বিচার আদায় করতে পারছি না।’
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন শেখ মাহমুদ এ রিয়াদ, শাবান মাহমুদ, নাছিমা আক্তার প্রমুখ।