১৫ বছরেই স্কুলভবন পরিত্যক্ত
নির্মাণের ১৫ বছরের মধ্যেই মেঝে দেবে সৃষ্টি হয়েছে গর্ত, জায়গায় জায়গায় ফেটে গেছে দেয়াল। ধসে পড়ার আশঙ্কায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্কুলভবন। অগত্যা মাঠে অস্থায়ী চালা তৈরি করে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এক বছরের বেশি সময় ধরে এভাবেই পাঠদান চলছে ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার জানান, ২০১৩ সালের ৩০ জুন স্কুলভবনটি পরিত্যক্ত ঘোষণা করে প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান না করার নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে মাঠে চালা তৈরি করে শিক্ষার্থীদের পড়াশোনা চলছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে একটি চালার নিচে সহকারী শিক্ষক চম্পা রানী দ্বিতীয় শ্রেণির পাঠদান করছেন। নোংরা মাঠের মধ্যে পলিথিন বিছিয়ে মমেন চন্দ্র বর্মণ প্রথম শ্রেণির পাঠদান করছেন। মাটির রাস্তা দিয়ে মোটরসাইকেল, পাওয়ার টিলার চলাচল করায় ধুলা উড়ে এসে পড়ছে শিক্ষার্থীদের গায়ে।
চম্পা রানী জানান, শুকনো মৌসুমে মাটির রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে। তাই ধুলাবালির জন্য এখানে বসে থাকা কষ্টকর হয়ে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় এখানেই পাঠদান করা হচ্ছে।
মমেন চন্দ্র বর্মণ জানান, অভিভাবকদের কাছ থেকে সহায়তা নিয়ে গত সপ্তাহে একটি টিনের চালা নির্মাণ করা হয়েছে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা রানী রায় ও রিংকু কুমার বর্মণ জানায়, শুকনোর সময়ে ধুলাবালির জন্য ক্লাসে বসে থাকা যায় না। আর বৃষ্টির সময় ক্লাস বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপ্রসাদ বর্মণ জানান, গত বছরের মার্চ মাসের দিকে বিদ্যালয় ভবনের বেশ কয়েকটি দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দেয়। কিছুদিনের মধ্যে মেঝেতে গর্তের আকার বাড়তে থাকে। বিষয়টি ৬ মে উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও ইউএনওকে জানানো হয়। চিঠি দেওয়ার পর এলজিইডি পরিদর্শনে এসে স্কুলভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
ভবন উদ্বোধনের ফলক থেকে দেখা যায়, ১৯৯৮ সালের ৪ অক্টোবর স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন স্কুলভবনটি উদ্বোধন করেন। কিন্তু ওই ফলকে বাস্তবায়নকারী বিভাগের কোনো নাম উল্লেখ নেই। এলজিইডি ও শিক্ষা প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্কুলভবনটি নির্মাণ করার কথা অস্বীকার করে।
এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার জানান, স্কুলভবনের ওই নকশার সঙ্গে এলজিইডির নকশার কোনো মিল নেই। স্কুলভবনটি পরিদর্শনের সময় স্থানীয় লোকজন জানিয়েছেন, ভবনটি নির্মাণের পরপরই ওই এলাকায় ভূমিকম্প হলে ভবনটিতে ফাটল দেখা দেয়।
শিক্ষা প্রকৌশল বিভাগের (ইইডি) সহকারী প্রকৌশলী আবদুর রউফ জানান, এলজিইডিই স্কুলভবনটি নির্মাণ করেছিল। কারণ, ১৯৯৭-৯৮ সালে গ্রামীণ এলাকায় ইইডি কোনো স্কুল নির্মাণ করেনি।