অভিবাসন (ইমিগ্রেশন) ব্যবস্থা ও ওয়্যারহাউস চালু না হওয়ায় দীর্ঘ ১৫ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বাংলাবান্ধা স্থলবন্দর। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। বর্তমানে নেপাল-বাংলাদেশ ও বাংলাদেশ-ভারতের মধ্যে সীমিত আকারে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে।গত বছরের ২২ জানুয়ারি বাংলাবান্ধা স্থলবন্দরের বিপরীতে ফুলবাড়ীতে ভারতের তৎকালীন (বর্তমানে রাষ্ট্রপতি) অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বাংলদেশের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ভারতের ফুলবাড়ীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে দুই মন্ত্রী শিগগিরই ইমিগ্রেশন চালুর ঘোষণা দেন। কিন্তু ২০ মাসেও এ ঘোষণার বাস্তবায়ন হয়নি।বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে এ বন্দর দিয়ে নেপাল থেকে মসুর ডাল, ভুসি, চিরতা ও গম এবং ভারত থেকে শুধু বোল্ডার পাথর আমদানি করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে নেপাল ও ভারতে গাড়ির ব্যাটারি, তুলা, পাট, আমের জুস, লুবরিকেটিং তেল, তৈরি পোশাক, ওষুধ ও টিস্যু পেপার রপ্তানি হচ্ছে।গত অর্থবছরে এ স্থলবন্দরে ১১ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৭৬৪ টাকা রাজস্ব (আমদানি শুল্ক) আদায় হয়েছে এবং এক কোটি ৮২ লাখ ৩৬ হাজার ১৮০ মার্কিন ডলারের পণ্য ভারত ও নেপালে রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরের (জুলাই) এক মাসে রাজস্ব আদায় হয়েছে এক কোটি ২০ লাখ ছয় হাজার ৬০০ টাকা এবং ১৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে।পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অত্যন্ত সুবিধাজনক জায়গায় বাংলাবান্ধার অবস্থান। এখান থেকে সাত কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি, ৪৫ কিলোমিটার দূরে জলপাইগুড়ি শহর, ৯০ কিলোমিটার দূরে দার্জিলিং, ৬০ কিলোমিটার দূরে নেপালের কারকরভিটা এবং ১২০ কিলোমিটার দূরে ভুটানের ফুয়েন্টসিলিং শহর। এসব জায়গায় সারা বছরই পর্যটক আসেন। বাংলাবান্ধায় ইমিগ্রেশন-ব্যবস্থা চালু হলে তাঁরা বাংলাদেশের কেন্দ্রগুলোতে আসবেন। শিলিগুড়ির রপ্তানিকারক ব্রজ কিশোর প্রসাদ মুঠোফোনে বলেন, বাংলাদেশের রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন সংশোধন করতে হবে। নইলে এ বন্দর কার্যকর হবে না।আমদানিকারক ওয়াকিল আহমেদ বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে পণ্য বাছাই করে প্রজ্ঞাপন জারি করতে হবে। তা হলেই কেবল এ স্থলবন্দরটি কার্যকর হবে। কিন্তু সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু পাথর আমদানি করার কথা উল্লেখ রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে পণ্য বাছাই করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা।এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসাইন আহমেদ প্রথম আলোকে বলেন, অনেক প্রক্রিয়ার মাধ্যমে এ প্রজ্ঞাপন পরিবর্তন করতে হয়। এ জন্য সময়ের প্রয়োজন।ভারতের পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস মুঠোফোনে জানান, এ বন্দর দিয়ে ভারতের ৫৪টি পণ্য ছাড়ের দাবি জানানো হয়েছে। এ জন্য বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডকে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা (সহকারী কমিশনার) সৈয়দ হুমায়ুন আকতার জানান, স্থলবন্দরের উন্নয়ন ১০ একর জমি অধিগ্রহণ করে প্রশাসনিক ভবন, ওয়্যারহাউস, ট্রাক পার্কিং ইয়ার্ড ও এইচবি রোড, পুলিশ ব্যারাক, ব্যাংকের বুথসহ অন্যান্য স্থাপনা তৈরি করা হয়েছে। এ জন্য ব্যয় হয় প্রায় তিন কোটি টাকা। যেকোনো মুহূর্তে এ স্থলবন্দরে ইমিগ্রেশন চালু করা সম্ভব। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ইমিগ্রেশন চালুর জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সব প্রস্তুতি শেষ করেছে। ভারতের সমঞ্চতি পেলে শিগগিরই এ বন্দর দিয়ে ইমিগ্রেশন চালু করা সম্ভব হবে।