সুনামগঞ্জের দিরাই পৌরসভা গঠনের পর ১৫ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। একটি ভাড়াবাড়িতে চলছে পৌরসভার কার্যক্রম। পৌরসভা পরিচালিত একমাত্র বিদ্যালয়টিও জরাজীর্ণ।
পৌরসভা সূত্র জানায়, ১৯৯৯ সালে পৌরসভাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ ও স্থানীয় সরকারমন্ত্রী জিল্লুর রহমান।
পৌরসভার অনেক বাসিন্দা অভিযোগ করেন, ১৫ বছর আগে দিরাইকে পৌরসভা ঘোষণা করা হলেও অবস্থা আগের মতোই। সুজানগর, ভরারগাঁও, পশ্চিম মাদানী মহল্লা ও নরত্তোমপুরে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। আনোয়ারপুর-বাগবাড়ী, নাছির উদ্দিন রোড, হাইস্কুল রোড ও চণ্ডীপুর রোড এবড়োখেবড়ো। যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
‘আমরার বাড়ির তলেদি ৪০ বছর আগে কারেন্টের লাইন দিরাই টাউনো গেছে। আমরা খালি ছাইয়া দেখছি। ফৌরসভা অইল। দুই বেডারে (মেয়র) ভোট দিলাম। তারা খইলা কারেন্ট দিবা। আর কোন দিন দিবা, মনে খয় মরবার আগে আর কারেন্ট দেখতাম পারতাম না।’ এসব কথা বলেন পৌরসভার সুজানগরের হানিফ উল্লাহ (৭৫)। রিকশাচালক কাসেম মিয়া (৩০) বলেন, ‘আনোয়ারপুর, চণ্ডীপুর, বাগবাড়ি, হাইস্কুল রোড দি রিকশা ছালাইতে ডর লাগে। ভাঙ্গা রাস্তায় আমারও খষ্ট অয়। ফেসিন্দারেরও (যাত্রী) খষ্ট অয়।’
চণ্ডীপুরে কোনো নলকূপ নেই। পুকুর, ডোবা ও জলাশয়ের পানিই এখানকার মানুষের ভরসা। ফলে এখানকার বাসিন্দাদের পানিবাহিত রোগ লেগেই থাকে। এলাকার ১৮০ জন বাসিন্দা মিলে ১৫ জানুয়ারি নলকূপের জন্য পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন।
দিরাই পৌরসভা পরিচালিত একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ শিক্ষানিকেতনের একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছে। এখানে শ্রেণীকক্ষ ও আসবাবের সংকট রয়েছে। পরিবেশ অত্যন্ত নোংরা। দিনেই মশার জ্বালায় বাচ্চারা শ্রেণীকক্ষে বসতে পারে না। এসব অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মেয়র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করতে পারেন না, তিনি নয়টি ওয়ার্ডের উন্নয়ন কীভাবে করবেন?
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, ‘পৌরসভার চারটি গ্রামে আজও বিদ্যুৎ নেই। চণ্ডীপুর, আনোয়ারপুর-বাগবাড়ী, কলেজ রোড ও নাছির উদ্দিন রোডের কোনো উন্নয়ন হয়নি। নাছির উদ্দিন রোডে আজও রিকশা পর্যন্ত চলতে পারে না। ওই রোডসংলগ্ন এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে যতটুকু পেরেছেন, রাস্তাটা মেরামত করে হেঁটে চলাচলের উপযোগী করেছেন।’
পৌরসভার মেয়র আজিজুর রহমান বলেন, ‘আমি তৃতীয় শ্রেণীর এই পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছি। দিরাই বাজার সেতু থেকে সেন মার্কেট পর্যন্ত নর্দমা নির্মাণ করেছি। অচিরেই ওই চার এলাকায় বিদ্যুৎ পৌঁছে যাবে। রাস্তার উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হয়েছে।’