১৫ বছরেও কাজে আসেনি
অপরিকল্পিতভাবে নির্মাণ করায় পটুয়াখালীর দশমিনায় ১৫ বছর ধরে অব্যবহূত পড়ে আছে একটি লোহার সেতু। বর্তমানে সেতুর নিচ থেকে লোহা চুরি হয়ে যাচ্ছে। সেতুর দুই পাড়ের সংযোগস্থল থেকে স্থানীয় লোকজন মাটি কেটে নিয়ে যাচ্ছে। দশমিনা উপজেলা সদরের সঙ্গে পটুয়াখালী জেলা শহরের সড়ক যোগাযোগ স্থাপনের জন্য পটুয়াখালীর দশমিনা উপজেলা সদর থেকে বাউফল উপজেলার নওমালা সড়কের বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগীর হাটসংলগ্ন খালের ওপর ১৯৯৭ সালে ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ডানিডার অর্থায়নে আরডিপি-১৬ প্রকল্পের আওতায় এলজিইডি এই সেতুটি নির্মাণ করে। সেতুটি নির্মাণের কাজ করে ঠিকাদার জামাল তালুকদার। পরবর্তী সময়ে সেতুটি ব্যবহূত না হওয়ায় এর সংযোগ সড়কের কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ১৫ বছর ধরে সেতুটি অব্যবহূত পড়ে আছে। রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকায় ইতিমধ্যে সেতুর বেশ কিছু লোহা চুরি হয়ে গেছে। এলাকার লোকজন সেতুর সংযোগ সড়ক থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে।ঠিকাদার জামাল তালুকদার বলেন, বর্তমানে এ ধরনের একটি সেতু নির্মাণ করতে প্রায় এক কোটি টাকা ব্যয় হবে। বেতাগীসানকিপুর ইউপির চেয়ারম্যান মশিউর রহমান বলেন, দুই পাশে সড়ক নেই, কিন্তু খালি জমিতে খালের ওপর সেতুটি পড়ে রয়েছে। সেতুটি নির্মাণ করা হয়েছিল অপরিকল্পিতভাবে। তাই কোনো কাজে আসেনি। তিনি আরও বলেন, এই সেতুটি অব্যবহূত পড়ে আছে, অথচ ধলু ফকিরের বাজারে একটি সেতুর প্রয়োজন। সেতুটি সেখানে স্থানান্তরের জন্য একাধিকবার উপজেলা সভায় বলা হয়েছে। এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী যতীনময় চক্রবর্তী বলেন, এখানে তিনি নতুন এসেছেন। বিষয়টি তাঁর জানা নেই। মালামাল চুরি ও মটি কেটে নেওয়ার বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সেতুটি নির্মিত হয়। পরবর্তী সময়ে সড়কটি সোজাসুজি খালের ওপর নতুন করে নির্মিত কালভার্টের ওপর দিয়ে চলে যায়। ফলে সেতুটি আর কোনো কাজে আসেনি। তিনি আরও বলেন, যেভাবে সেতুর মালামাল চুরি হচ্ছে, পরে হয়তো সেতুটি আর কোনো কাজে আসবে না। সেতুটি অন্যত্র স্থানান্তর করলে মানুষের উপকারে আসবে। বিষয়টি উপজেলা পরিষদের সভায় একাধিকবার উপস্থাপন করা হয়েছে।