বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছরেও নিজস্ব ভবন ও শ্রেণি পরিবর্তন হয়নি। বর্তমানে পৌরসভাটি ‘গ’ শ্রেণিভুক্ত। প্রথমে ভাড়ায় পরে অস্থায়ী জরাজীর্ণ ভবনে চলছে পৌরসভার কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় কর্মকর্তাদের সঙ্গে ক্ষুব্ধ ভোটাররাও।
নথিপত্র থেকে জানা যায়, ২০০০ সালে ভবানীগঞ্জকে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত করা হয়। বর্তমানে আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন আলী বলেন, ওই সময়ে ভবানীগঞ্জকে পৌরসভার ঘোষণার পর তাঁকে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। তখন ভবানীগঞ্জ বাজার এলাকায় ভাড়া করা এক বাসায় পৌরসভার কার্যক্রম শুরু হয়। তবে ২০০২ সালে প্রথম পৌর নির্বাচনের এক বছর পর কার্যালয়টি ভাড়া বাসা থেকে স্থানান্তর করে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) পরিত্যক্ত ভবনে নিয়ে আসা হয়।
পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া বলেন, ‘জরাজীর্ণ ভবনে আমাদের দাপ্তরিক কাজ করতে হচ্ছে। সব সময় আমাদের আতঙ্কে থাকতে হয়। এ ছাড়া প্রয়োজনীয় কক্ষ না থাকায় গাদাগাদি করে এক কক্ষেই একাধিক বিভাগের কার্যক্রম চলে। প্রয়োজনীয় ফাইলপত্র সংরক্ষণ করতেও বিপাকে পড়তে হয়।’
স্থানীয় ৩০-৪০ জন ব্যক্তির মতে, প্রয়োজনীয় শর্ত ও অবকাঠামো ছাড়াই বাগমারা উপজেলায় একটি পৌরসভা (তাহেরপুর) থাকার পরও শুধু রাজনৈতিক কারণে ভবানীগঞ্জকে পৌরসভা করা হয়েছে। এ কারণে তাঁরা পৌরসভার বাসিন্দা হলেও অনেক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তাঁদের মতে, পৌরসভা ঘোষণার ১৫ বছরেও নিজস্ব ভবন নির্মাণ এবং শ্রেণির পরিবর্তন করতে না পারা জনপ্রতিনিধিদেরই ব্যর্থতা। এত দিন আওয়ামী লীগ ও বিএনপির যেসব মেয়র দায়িত্ব পালন করেছেন তাঁরা এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি বলে তাঁদের অভিযোগ।
তবে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবদুর রাজ্জাক প্রামাণিক বলেন, ভবানীগঞ্জ পৌরসভাটি ‘গ’শ্রেণির। নিজস্ব জায়গা না থাকায় এত দিন ভবন করা যায়নি। এ ছাড়া আলাদা জমি কিনে ভবন করার মতো কোনো অর্থ পৌরসভার না থাকায় নিজস্ব ভবন করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল মালেক দাবি করেন, নির্বাচনী ইশতেহারের ৩ নম্বরে নিজস্ব পৌরভবন নির্মাণের কথা বলেছেন। নির্বাচিত হলে পৌরভবন করতে যা যা করার প্রয়োজন তা-ই করবেন বলে জানান তিনি।