১৫ বছরেও পূর্ণতা পায়নি মধুটিলা ইকো পার্ক
তৃতীয় পর্যায়ের কাজ না হওয়ায় নির্মাণের ১৫ বছর পেরিয়ে গেলেও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি এখন পর্যন্ত পূর্ণতা পায়নি।
পাশাপাশি লোকবলসংকট ও অব্যবস্থাপনার কারণে পার্কের ভেতরে থাকা স্থাপনাগুলোও জরাজীর্ণ হয়ে আকর্ষণ হারাচ্ছে।
বন বিভাগ, এলাকাবাসী ও ওই পার্কসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ময়মনসিংহ বন বিভাগের আওতায় নালিতাবাড়ীর ভারত সীমান্তবর্তী এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ৩৮৩ একর বনভূমিজুড়ে এক কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মধুটিলা ইকো পার্ক নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে চার কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধনের জন্য আরও কিছু কাজ করা হয়। তৃতীয় পর্যায়ের কাজ করে পার্কটিতে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন করার মাধ্যমে পার্কটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কথা ছিল। কিন্তু ওই কাজ না হওয়ায় পার্কটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। পাশাপাশি জনবলসংকট ও অব্যবস্থাপনার কারণে পার্কটিতে থাকা স্থাপনাগুলোও জরাজীর্ণ হয়ে পড়েছে।
গত ১৫ নভেম্বর ইকো পার্কের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বাঁ দিকে থাকা তথ্যকেন্দ্রটি তালাবদ্ধ দেখা গেল। ওই কেন্দ্রের পাশেই রয়েছে প্রদর্শনীকেন্দ্র। ভেতরে ইকো পার্কের সব দর্শনীয় বস্তুর ম্যুরাল রয়েছে। কিন্তু সেগুলো ভাঙাচোরা। পার্কজুড়ে থাকা হাতি, কুমির, বাঘ, হরিণ, সিংহ, মৎস্যকুমারী, সাপ, ব্যাঙসহ নানা ভাস্কর্যের রং উঠে গেছে। রয়েছে সাইটভিউ টাওয়ার, লেক, প্যাডেল বোট, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, শিশুপার্ক ও রেস্ট হাউসসহ নানা স্থাপনা।
কিন্তু রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সেগুলো নষ্ট হচ্ছে। পার্কের ভেতরে নেই পর্যাপ্ত শৌচাগার ও পানির ব্যবস্থা। পরিচ্ছন্নতার কাজ না করায় দিন দিন পার্কটি সৌন্দর্য হারাচ্ছে। তৃতীয় পর্যায়ের কাজ করে পার্কটিকে পূর্ণতা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পার্কের ভেতরে কথা হয় বগুড়া থেকে আসা শামসুল হক ও তাঁর স্ত্রী রিমি সুলতানার সঙ্গে। তাঁরা বলেন, ইকো পার্কের নাম শুনেই তাঁরা এখানে এসেছেন। পার্কে থাকা মিনি চিড়িয়াখানা বলতে যা রয়েছে, তাতে শুধু চারটি হরিণ রয়েছে। এখানকার প্রকৃতিক সৌন্দর্য দারুণ। তবে তা উপভোগের জন্য অবকাঠামো গড়ে তোলা হয়নি। এক টিলা থেকে অন্য টিলায় যাতায়াতের জন্য ঝুলন্ত সেতু হলে সৌন্দর্য উপভোগ করতে কষ্ট কম হতো। পাশাপাশি পার্কটি পরিচ্ছন্ন থাকলে ভালো লাগত।
বন বিভাগের সহকারী রেঞ্জার মোকবুল হোসেন জানান, পার্কের চারপাশে সীমানাপ্রাচীর নেই। মিনি চিড়িয়াখানায় বন্য প্রাণী সংরক্ষণের জন্য কাঠের যে বেষ্টনী দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুর্বল। যেকোনো সময় বেড়া ভেঙে হরিণ চলে যেতে পারে। এত বড় পার্কে লোকবল থাকার কথা কমপক্ষে ২০-২৫ জন। সেখানে রয়েছে মাত্র ছয়জন। লোকবলসংকটের কারণে দায়িত্ব পালনে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
বন বিভাগের মধুটিলার রেঞ্জার মো. জিল্লুর রহমান বলেন, পার্কের সব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় বলেন, তৃতীয় পর্যায়ের কাজ বাস্তবায়িত হলে মধুটিলা ইকো পার্কে বন্য প্রাণী সংরক্ষণ, পার্কের সৌন্দর্যবর্ধন ও দেশি-বিদেশি বৃক্ষ রোপণ করাসহ নানা স্থাপনা নির্মিত হবে। তৃতীয় পর্যায়ের কাজের জন্য এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু করা যাবে।