১৫ বছরেও বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছরেও আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের বিচার হয়নি। হত্যা মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু এ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে আদিবাসীদের উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্র জানায়, ২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুরের বলিহার ইউনিয়নের ভীমপুর গ্রামের ইউপি চেয়ারম্যান হাতেম আলী ও তাঁর সহযোগী শীতেষ ভট্টাচার্য গদাইয়ের ভাড়াটে বাহিনী আদিবাসী ও ভূমিহীনদের নেতা আলফ্রেড সরেনকে কুপিয়ে হত্যা করে।
মামলার বাদী আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন বলেন, ‘আমার ভাইকে দিনদুপুরে হত্যা করা হলেও ১৫ বছরেও বিচার না হওয়ার জন্য রাষ্ট্রই সম্পূর্ণরূপে দায়ী। মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিচ্ছে।’ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের ওপর অত্যাচার-নিপীড়নের বিচার না হওয়ায় আদিবাসীরা আইন ও রাষ্ট্রের প্রতি ক্রমেই আস্থা হারিয়ে ফেলছে। আলফ্রেড সরেন হত্যার সাক্ষ্য শুরু হয়েছিল কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় হাইকোর্টে গিয়ে রিট করে মামলার বিচার কার্যক্রম বিলম্ব করছে। এই হত্যার আদৌ বিচার হবে কি না, আমরা এটা নিয়ে শঙ্কায় আছি।’
আলফ্রেড সরেন হত্যা মামলায় রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী মহসীন রেজা বলেন, এ পর্যন্ত এ মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আর মাত্র পাঁচ-সাতজন সাক্ষী সাক্ষ্য দিলেই মামলাটির রায় দেওয়া যেত। হাইকোর্টে করা আসামিপক্ষের রিট আবেদন নিষ্পত্তি না হওয়ায় মামলাটির বিচার কার্যক্রম আবার শুরু করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আলফ্রেড সরেন হত্যা মামলাটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাঁর হত্যাকাণ্ডের পর দণ্ডবিধির ৩০২ ধারা ও জননিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছিল। চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর জননিরাপত্তা আইন বাতিল করলে আসামিরা ২০০১ সালে হাইকোর্টে মামলা দুটি খারিজের আবেদন করেন। হাইকোর্ট জননিরাপত্তা আইনে করা মামলাটি খারিজ করে দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ ২০১০ সালে হাইকোর্টের আদেশ খারিজ করে রিট আবেদনটি আবার বিবেচনার জন্য হাইকোর্ট বিভাগে পাঠান। কিন্তু এখন পর্যন্ত হাইকোর্ট বিভাগ ওই মামলার শুনানিই করেননি।