১৫ বছরেও ভবন হয়নি, ভোগান্তি
প্রায় ১৫ বছরেও হয়নি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নিজস্ব ভবন। প্রতিষ্ঠার শুরু থেকে জেলা পরিষদের জনমিলন কেন্দ্রকে কার্যালয় বানিয়ে চলছে এর কার্যক্রম। প্রায় নয় বছর আগে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু জায়গা সংকটের কারণে ভবন নির্মাণ আর হয়নি।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৪ জুন ৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে বড়লেখা পৌরসভার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। জেলা পরিষদের জরাজীর্ণ টিনশেডের জনমিলন কেন্দ্রটিই এখনো এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০৪ সালে পৌরসভাটি ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বড়লেখা সফরের সময় পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু জায়গা সংকটের কারণে এখনো নিজস্ব পৌর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
পৌরসভার বর্তমান মেয়র মো. ফখরুল ইসলাম অসুস্থ থাকায় তিনি কথা বলতে চাননি। তবে পৌরসভার দুবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ বলেন, ‘জায়গা সমস্যায় এখনো নিজস্ব ভবন করা সম্ভব হয়নি।’
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবদুল খালিক প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের মিলনায়তনে কোনোরকমে পৌরসভার কাজ চালানো হচ্ছে। এতে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। পৌর পরিষদ বিভিন্ন সময় জায়গা ঠিক করে ওপরে পাঠায়। কিন্তু জায়গার মালিকেরা কি করে যেন খবর পেয়ে যান। তাঁরা তদবির শুরু করেন। এরপর ভবন নির্মাণের উদ্যোগটা বন্ধ হয়ে যায়।
গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শুনেছি পৌরসভা ভবনের জন্য একটা প্রকল্প গিয়েছে। কিন্তু আমি নিশ্চিত না।’