রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বাসভবন ১৫ বছর ধরে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এ জন্য কলেজ কর্তৃপক্ষকে কোনো ভাড়াও দেওয়া হয় না। এ নিয়ে বারবার চিঠি দেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো জবাবও দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৯৭ সালে কলেজের অধ্যক্ষের বাসভবনটি পুলিশ ফাঁড়ির ব্যবহারের জন্য দেওয়া হয়। প্রথম আট বছর সেটি জেলা পুলিশের ও ২০০৫ সালের জানুয়ারি থেকে হাইওয়ে পুলিশের ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবনটি ব্যবহারের জন্য সরকারি হিসাব অনুযায়ী কলেজ কর্তৃপক্ষকে পুলিশের ভাড়া দেওয়া কথা। কিন্তু গত ১৫ বছরে পুলিশ কোনো ভাড়া দেয়নি। কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে ভাড়া চেয়ে ২০০০ সালের ১৪ মার্চ, ২০০১ সালের ২০ মে, ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি এবং সর্বশেষ বকেয়া ভাড়াসহ বাসা ছেড়ে দেওয়ার জন্য ২০০৯ সালের ২৪ ডিসেম্বর চিঠি দেয়। কিন্তু কোনো চিঠির জবাবও দেওয়া হয়নি। কলেজের অধ্যক্ষ একরামুল হক বলেন, ১৯৯৭ সালে বাসাটি ভাড়া দেওয়ার সময় কলেজের অধ্যক্ষ ছিলেন আবদুল জলিল। তিনি ওই সময় কলেজের বাসভবনে ছিলেন না। তার আগে সর্বশেষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ওই বাসায় থেকেছেন। ভাড়া দেওয়ার সময় অধ্যক্ষের পরিবর্তে কলেজের এক শিক্ষক ওই বাসায় থাকতেন। এলাকার স্বার্থে কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষককে বাসভবন থেকে সরিয়ে পুলিশকে ভাড়া দেয়।
সম্প্রতি বানেশ্বর পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটির টিনের ছাউনি অনেকটা জরাজীর্ণ হয়ে পড়েছে। ফাঁড়ির বাইরে দায়িত্বে ছিলেন লেবু মিঞা নামের একজন কনস্টেবল। তিনি বলেন, কলেজের কাছ থেকে ভাড়ার চুক্তিতে বাড়িটা নেওয়া হয়েছিল কি না, তা তিনি জানেন না। এ ব্যাপারে তিনি ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আমান উল্লাহর সঙ্গে কথা বলতে বলেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে হলে আমান উল্লাহ প্রথমে বলেন, ‘সরকারি জায়গার আবার ভাড়া কিসের।’ কলেজটি সরকারি নয়, শুধু শিক্ষকদের বেতন দেয় সরকার—এ কথা বলার পর তিনি বলেন, কলেজের সঙ্গে ভাড়ার কোনো চুক্তি হয়েছিল কি না, তা তাঁর জানা নেই। এ ব্যাপারে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের রাজশাহী অঞ্চলের (বগুড়া) পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, তিনি এক বছর ধরে এই দায়িত্বে আছেন। এর মধ্যে কলেজ থেকে কোনো চিঠি পাননি। বকেয়া ভাড়া দেওয়ার সুযোগ নেই। নতুন করে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলে ভাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করে ফয়সালা করা যেতে পারে।