১৫ বছরেও সাংবাদিক মুকুল হত্যার বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যার বিচার ১৫ বছরেও হয়নি। এতে নিহতের স্বজন ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সাংবাদিক মুকুলের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
সকাল নয়টায় শহরের বেজপাড়ায় মুকুলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে কালো ব্যাজ ধারণসহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রমুখ। এ সময় সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ৩০ আগস্ট সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। পরদিন তাঁর স্ত্রী হাফিজা আক্তার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরের বছরের ২৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যশোর অঞ্চলের এএসপি দুলাল উদ্দিন আকন্দ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একপর্যায়ে আইনি জটিলতার কারণে মামলার কার্যক্রম থমকে যায়। এ কারণে চাঞ্চল্যকর এ মামলাটি হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়। ২০০৫ সালে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ থেকে মুকুল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেওয়া হয়। একই বছরের ২১ ডিসেম্বর সিআইডির কর্মকর্তা মওলা বক্স নতুন দুজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। পরের বছরের ১৫ জুন যশোরের বিশেষ ট্রাইব্যুনাল (৩) এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২২ জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এ সময় মামলা থেকে তৎকালীন মন্ত্রী তরিকুল ইসলাম ও রূপম নামের আরেক আসামিকে অব্যাহতি দেওয়া হয়। ২০১০ সালে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে মামলার ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ জেড এম ফিরোজ জানান, মুকুল হত্যা মামলা থেকে অব্যাহতি পেতে ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেন হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেন। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আজমল হোসেনের আইনজীবীকে এই মামলায় হাইকোর্টের নির্দেশনা কী, তা আদালতকে অবহিত করার নির্দেশ দেন। কিন্তু, হাইকোর্টে ওই আবেদনের নিষ্পত্তি না হওয়ায় নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম বন্ধ রয়েছে।