১৫ বছরের ভোগান্তি শেষ হয়েও হলো না
১৫ বছর ধরে শূন্য ছিল মাগুরার মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি। তিন মাস আগে এ পদে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমেছিল। কিন্তু তিন মাস পেরোতেই তাঁকে অন্যত্র বদলি করা হয়েছে। ফলে উপজেলাবাসীর ভোগান্তি আবার শুরু।
মহম্মদপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ২০০১ সালের ৩ আগস্ট মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) পদে যোগ দেন মো. মুনির হোসেন খান। তিনি ২০০২ সালের ২৮ জানুয়ারি বদলি নিয়ে চলে যান। এরপর থেকে এই ১৫ বছর পদটি শূন্য ছিল। এ সময়ের মধ্যে মহম্মদপুরে মোট নয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করেছেন। কিন্তু সহকারী কমিশনারের (ভূমি) পদে কাউকে পদায়ন করা হয়নি। ফলে এ পদে ইউএনওরাই অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন।
তবে গত ৩১ জানুয়ারি মহম্মদপুরের সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন তাছলিমা আক্তার। মাত্র ৮৬ দিন ওই পদে কাজ করার পর তাঁকে এখান থেকে বিদায় নিতে হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের নির্দেশে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বদলি হয়েছেন। মহম্মদপুরে গত বৃহস্পতিবার ছিল তাছলিমার শেষ কর্মদিবস।
মহম্মদপুর সদরের বাসিন্দা জালাল উদ্দিন আহমেদ আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, ‘সহকারী কমিশনার না থাকায় ভূমিবিষয়ক নানা সেবা পেতে আমরা চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছি। একটি নামজারি নিষ্পত্তির জন্যও মাসের পর মাস ঘুরতে হয়। দীর্ঘ ১৫ বছর পর একজনকে নিয়োগ দেওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু তিন মাসের মাথায় তাঁকে বদলি করায় আমরা হতাশ।’