মিয়ানমারের মংডু শহরে গতকাল বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাসাকার সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠক শেষে নাসাকা সাজা শেষ হওয়া ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টায় মংডু শহরের নাসাকা বাহিনীর অভিবাসনকেন্দ্রের সমেঞ্চলনকক্ষে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মোহামঞ্চদ জিলুল হক। এ সময় উপস্থিত ছিলেন ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান, ১৭ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান, ১৫ বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমান, ১০ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল মোমেন চৌধুরী ও ২৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর শফিকুল ইসলাম। ১৭ সদস্যের মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অভিবাসন দপ্তরের পরিচালক ইউ অং নে ইউ। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী পরিচালক ইউ হতো হলিং, সহকারী পরিচালক ইউ উইন হলিং, সহকারী পরিচালক উই অং ল উইন ও সহকারী পরিচালক ইউ অং হু হটিক। ফেরত আসা বাংলাদেশিরা হলেন: যশোরের বাকড়া এলাকার মো. ইস্রাফিল, রবিউল ইসলাম, পাবনার মোহামঞ্চদ রিপন, নড়াইলের কাজী রবিউল ইসলাম, শরীয়তপুরের মো. আল-আমিন, কালু মিয়া, বগুড়ার মো. রাজু মিয়া, মো. হায়দার, মো. জামাল উদ্দিন, শাহজালাল, সোহেল রানা, মো. ফজলু, মাগুরার আহসান উল্লাহ, জয়পুরহাটের মো. ফজলুল ও শিবগঞ্জের আহসান আলী। ফেরত আসা ব্যক্তিরা জানান, ছয় মাস আগে বগুড়ার বাহাদুরপুর এলাকার মো. আশরাফুল জনপ্রতি ৩০ হাজার টাকা নিয়ে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে টেকনাফ সাবরাং কচুবনিয়ার দালাল আবদুল্লাহর হাতে তুলে দেন। আবদুল্লাহ তাঁদের মধ্যসাগরে অবস্থানরত বড় জাহাজে তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাঠের ট্রলারে তুলে দেন। এক দিন পর তাঁরা মিয়ানমারের নাসাকার কাছে আটক হন। এত দিন কারাভোগের পর বিজিবির মধ্যস্থতায় তাঁরা মুক্তি পেয়েছেন। তবে এখনো মিয়ানমারের কারাগারে দুই শতাধিক বাংলাদেশি কারাভোগ করছেন। বৈঠক শেষে ফিরে এসে কর্নেল মোহামঞ্চদ জিলুল হক বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার, বৈধ সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, বাংলাদেশে আটক মিয়ানমার নাগরিকদের দ্রুত স্বদেশে ফেরত এবং মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তিনি আরও বলেন, ফেরত আনা ওই ১৫ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস বলেন, ওই ১৫ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।