গত বছরের জানুয়ারিতে চট্টগ্রাম জেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়৷ কিন্তু এরই মধ্যে ১৪টি বিদ্যালয়ে এ কার্যক্রম বন্ধ হয়ে গেছে৷
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা) তানভীর আজম সিদ্দিকী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত তদারকির পাশাপাশি যাঁরা সহযোগিতা করতে এগিয়ে আসেন, তাঁদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাবোধ জাগ্রত রাখা জরুরি। নিঃস্বার্থ সহযোগিতার মানসিকতার বিকাশ না ঘটলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাব না।’
চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দীন চৌধুরী বলেন, ‘সামাজিক উদ্যোগেই মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়। স্থানীয়ভাবে পর্যাপ্ত সহযোগিতার অভাবে এ কার্যক্রমে ভাটা পড়েছে৷ আমরা এ ব্যাপারে বিভিন্ন বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণের পদক্ষেপ হাতে নিয়েছি।’
গত বছরের শুরুর দিকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়৷ এর লক্ষ্য ছিল শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়ার হার কমিয়ে আনা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের আটটি থানা ও উপজেলার ১৫টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়। এর মধ্যে শুধু পটিয়া উপজেলার পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু আছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হাকিমের প্রচেষ্টায় মিড ডে মিল কার্যক্রম চলছে। এ জন্য প্রতি মাসে ৭০০ শিক্ষার্থীর জন্য প্রায় ৩৫ হাজার টাকার বরাদ্দ রয়েছে। তাদের খাবারের তালিকায় রয়েছে কলা, শিঙাড়া, সমুচা, পাউরুটি, জিলাপি ইত্যাদি।
পটিয়া থানা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহের বিল্লাহ বলেন, ‘উপজেলার বাকি তিনটি বিদ্যালয়ে নিয়মিতভাবে মিড ডে মিল চালুর ব্যাপারে চেষ্টা করছি। এলাকায় মা সমাবেশে গিয়ে তাঁদের এ ব্যাপারে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় লোকজনকেও উদ্ধুদ্ধ করা হচ্ছে।’
চট্টগ্রামের যে ১৪টি বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম বন্ধ হয়ে গেছে সেগুলো হলো, নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী আলহাজ আবু ছিদ্দিক চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ও হালিশহর আব্বাসপাড়া আলহাজ আবু ছিদ্দিক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ািল থানার ফিরিঙ্গিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটিয়া উপজেলার পূর্ব মোজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মোজাফফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীতাকুণ্ড উপজেলার আলাকুলি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা প্রাথমিক বিদ্যালয় ও ভাটিয়ারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী উপজেলার ফতেপুর লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বোয়ালখালী উপজেলার পশ্চিম সরোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।