সামাজিক ও রাজনৈতিক সংবাদ ম্যাগাজিন সাপ্তাহিক-এর পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে যাদের সাফল্যে আলোকিত বাংলাদেশ শিরোনামে আত্মজৈবনিক সাক্ষাৎকারভিত্তিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই মিলনায়তনে দুই খণ্ডে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে সাফল্য অর্জনকারী দেশের ১৫ বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার স্থান পেয়েছে।বই প্রকাশ উপলক্ষে চ্যানেল আইয়ে বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের মিলনমেলা ঘটে। মোড়ক উন্মোচনের শুভেচ্ছা বক্তব্য দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আকবর আলি খান, প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, সাংসদ রাশেদ খান মেনন, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ প্রমুখ। বইয়ের প্রথম খণ্ডে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, ড. কামাল হোসেন, রফিক-উল হক, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, চিকিৎসক জাহাঙ্গীর কবীর এবং দ্বিতীয় খণ্ডে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস, প্রয়াত অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী, লুৎফর রহমান সরকার, আকবর আলি খান, দেবপ্রিয় ভট্টাচার্য ও ওয়ালটন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলমের সাক্ষাৎকার ছাপা হয়েছে। প্রথম খণ্ডটি বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন ও দ্বিতীয় খণ্ডটি বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসাকে উৎসর্গ করা হয়েছে। বই প্রকাশের নেপথ্য গল্প জানাতে গিয়ে সূচনা বক্তব্যে সাপ্তাহিক-এর সম্পাদক গোলাম মোর্তোজা বলেন, সমাজ বিনির্মাণে যাঁরা বিভিন্নভাবে অবদান রাখছেন, তাঁদের তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সফল মানুষের সংগ্রামের ইতিহাস আগামী প্রজন্মকে উদ্যমী ও সাহসী করে তুলবে।