সিলেটের এমসি কলেজের ছড়ায় ফেলে হত্যার ঘটনার পেছনে ছিল মাদকের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। ১৫ বোতল ফেনসিডিলের জন্য খুনের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া যুবক জুয়েল আহমদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য প্রকাশ করেন।
সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল সোমবার সন্ধ্যায় জুয়েল জবানবন্দি দেন। তাঁর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন মুখ্য বিচারিক হাকিম (আদালত-৩) আনোয়ারুল হক চৌধুরী।
পুলিশ জানায়, এমসি কলেজ ক্যাম্পাসের ছড়া থেকে ১৯ অক্টোবর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত হিসেবে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ওই লাশ জকিগঞ্জের লোহামহল গ্রামের শেখপাড়ার রায়হান উদ্দিনের (৩০) বলে শনাক্ত হয়। তিনি সিলেট নগরে ব্যবসা করতেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। কিন্তু কী ব্যবসা করতেন—এ বিষয়টি পুলিশকে জানাতে পারেনি পরিবার। রায়হানের ব্যবসার ধরন খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল সকালে রায়হানের ব্যবসায়িক বন্ধু হিসেবে পরিচিত জুয়েল আহমদকে (২৮) সন্দেহজনকভাবে আটক করে পুলিশ। জুয়েল ঘটনায় জড়িত থাকার বিষয়টি পুলিশকে জানালে গতকাল সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দিতে জুয়েল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জানান, মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জুয়েল পাঁচজন সহযোগীকে নিয়ে রায়হানকে খুন করেন।
জুয়েলকে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।