১৫ ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার প্রদান
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০১৬ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুক্তিযুদ্ধ সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালে ভারতের মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প, অপারেশন ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পে দায়িত্ব পালনকারী বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
সফল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মৌলভী আচমত আলী খান।
সুপারসনিক এয়ার ক্রাফট এফ-৬-এর সফল পাইলট ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশ এয়ারফোর্স গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীর উত্তম।
১৯৭১ সালে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিরোধে পুলিশ বাহিনীকে সংগঠিত করার কাজে নেতৃত্বদানকারী শহীদ শাহ্ আব্দুল মজিদ।
রাঙামাটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠনে নেতৃত্বের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারী রাঙামাটির তৎকালীন মহকুমা প্রশাসক এম আবদুল আলী।
১৯৭১ সালে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও বাংলাদেশের প্রথম সংবিধান স্বহস্তে লেখক মরহুম এ কে এম আবদুর রউফ।
১৯৭১ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকাকালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন।
স্বাধীনতার সপক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালনকারী সৈয়দ হাসান ইমাম।
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনকারী মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম।
স্বনামধন্য কৃষি গবেষক এবং তোষা পাট ও দেশি পাটের জীবনরহস্য আবিষ্কারক মরহুম অধ্যাপক মাকসুদুল আলম।
প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান)।
স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী ও রবীন্দ্রসংগীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা।
সাহিত্যে বিশেষ অবদান রাখা কবি নির্মলেন্দু গুণ।
প্রতিষ্ঠান
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নৌবাহিনী এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
আরও পড়ুন: