রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার মামলায় শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ছয়টায় রাজশাহী র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আশিকুর রহমান ওরফে মইফুল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
র্যাবের দাবি, আশিকুরের বিরুদ্ধে নগরের মতিহার থানায় ১৫টি মামলা রয়েছে। গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহ ও সহসম্পাদক আবদুল্লাহ আল মাসুদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি ৪ নম্বর আসামি।
সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, আজ দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাজলা এলাকা থেকে আশিকুরকে একটি বিদেশি রিভলবার ও রিভলবারের একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। দুই ছাত্রলীগ নেতার ওপর হামলার পর তিনি আজ ক্যাম্পাসে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিকুর নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের একজন কর্মী বলে স্বীকার করেছেন। হামলার সঙ্গে জড়িত থাকার কথাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে মতিহার থানায় সোপর্দ করা হবে।
হামলাকারীরা ছাত্রলীগের নেতা মাসুদের ডান পায়ের গোড়ালি চাপাতি দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। বাম পায়ের গোড়ালিতেও আঘাত করে। এ ছাড়া তাঁর দুই হাতের রগ কেটে দেওয়া হয়। ছাত্রলীগের অপর নেতা টগরেরও হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।