১৫ মার্চ তৃতীয় ধাপে নির্বাচন ৮৩ উপজেলায়
তৃতীয় ধাপে ৮৩টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ মার্চ এসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণাকালে মো. শাহ নেওয়াজ বলেন, সব উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সেনা মোতায়েন করা হবে।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম দফায় এবং ২৩ জানুয়ারি দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী প্রথম দফার ৯৮টি উপজেলার মধ্যে ৯৭টিতে ১৯ ফেব্রুয়ারি ও একটিতে (রংপুরের পীরগঞ্জ) ২৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফার ১১৭টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি।
গতকাল তৃতীয় দফায় যে ৮৩টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলো হলো ঠাকুরগাঁওয়ের হরিপুর, দিনাজপুরের সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের সদর, রৌমারী ও চিলমারী, গাইবান্ধার সদর ও সাদুল্যাপুর, জয়পুরহাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর মান্দা, পোরশা ও ধামুইরহাট, রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট ও দুর্গাপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া, বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও শরণখোলা, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কালীগঞ্জ, ভোলার সদর, বরিশালের মুলাদী, হিজলা ও বাবুগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, জামালপুরের দেওয়ানগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়িয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, নেত্রকোনার সদর ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের সদর, কুলিয়ারচর ও হোসেনপুর, গাজীপুরের শ্রীপুর, ফরিদপুরের সদর, আলফাডাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা ও মধুখালী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের সদর ও নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, টাঙ্গাইলের ধনবাড়ী ও দেলদুয়ার, কুমিল্লার নাঙ্গলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া ও তিতাস, চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, লক্ষ্মীপুরের কমলনগর, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড, রাঙামাটির বরকল, বাঘাইছড়ি ও কাউখালী, মানিকগঞ্জের ঘিওর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ফেনীর দাগনভূঁঞা এবং বান্দরবানের সদর ও আলীকদম।