১৫ মাস ধরে এ-হাসপাতাল ও-হাসপাতাল

বিয়ের সাত বছর পরও সন্তানের দেখা পাচ্ছিলেন না সোহেল ও জান্নাতুল ফেরদৌসী। অবশেষে তাঁদের ঘর আলো করে আসে একটি ছেলে সন্তান। বাস চালকের সহকারী সোহেলের আনন্দের সীমা ছিল না।
আদর করে সন্তানের নাম রাখা হয় আরাফাত হোসেন। কিন্তু জন্মের তিন দিনের মাথায় আঁতুড় ঘরে রাখা আগুনের মালশায় পড়ে যায় আরাফাত।
দ্রুত তাকে নেওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। সেই থেকে ১৫ মাস ধরে আরাফাত এ হাসপাতাল থেকে আরেক হাসপাতালে।
আগুনে ঝলসে যায় আরাফাতের পা, হাত, কান, চোয়ালের একাংশ, চোখের একাংশ ও কান। বিশেষ করে হাত ও পায়ের আঙুল বিকৃত হয়ে যায়।
দীর্ঘ আট মাস নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা চলে আরাফাতের। আগুনের ক্ষত শুকানোর পর সেখানকার চিকিৎসক সোহেলকে বলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যেতে। চিকিৎসকদের পরামর্শে নোয়াখালীর মাইজদী থানার অধিবাসী সোহেল চলে আসেন ঢাকায়। সেই থেকে সাত মাস বিভিন্ন ধাপে ওই ইউনিটের পঞ্চম তলার দুই নম্বর বেডে আরাফাত ভর্তি রয়েছে। চিকিত্সা চলছে অধ্যাপক আবুল কালামের তত্ত্বাবধানে।
আরাফাতের চিকিৎসায় প্রতিদিন খরচ হয় ১ হাজার ১০০ টাকা। ওর শরীরের ক্ষত শুকিয়ে গেলেও হাত, পা ও মুখ বিকৃত হয়ে গেছে। শরীরের ওই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাইলে প্রয়োজন সার্জারির। কিন্তু অর্থবিত্তহীন বাসচালকের সহকারী সোহেলের পক্ষে এ টাকা জোগাড় কীভাবে সম্ভব?
সোহেল প্রথম আলোকে বলেন, ‘বড় কষ্টে আছি ভাই। ছেলের চিকিত্সার জন্য এখানে আছি। কোনো কাজ করতে পারি না। বড় আদরের সন্তান আমার। এখন আছি সবার দিকে তাকিয়ে।’
কেউ আরাফাতের চিকিৎসায় সহায়তা করতে চাইলে সোহেলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সোহেলের মোবাইল নম্বর—০১৮১২৮২৪৮২৯।