১৫ মাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ মাস ধরে নিখোঁজ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা মাদ্রাসাছাত্র রবিন হোসেন (১৫)। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিন্তু এখনো সন্তান ফিরে না আসায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। সম্প্রতি নিখোঁজ হওয়া কয়েকজন যুবকের মাধ্যমে গুলশানের রেস্টুরেন্টের হামলার ঘটনার পর এ উৎকণ্ঠা আরও বেড়েছে।

রবিনের বাড়ি শিবালয়ের উথলী ইউনিয়নের কোলা গ্রামে। তাঁর বাবা মোতালেব হোসেন কাতার থাকতেন। ছেলে নিখোঁজ হওয়ার পর তিনি আর বিদেশ যাননি। তিন ভাইয়ের মধ্যে রবিন ছোট এবং সবার ছোট এক বোন রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, রবিন শিবালয়ের পাশের উপজেলার ঘিওরের দোতরা এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। সে মাদ্রাসার ছাত্রাবাসেই থাকত। ২০১৫ সালের মার্চের প্রথম সপ্তাহে সে বাড়িতে আসে। এরপর ১৫ মার্চ বিকেলে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ছয় দিন পর ২১ মার্চ শিবালয় থানায় জিডি করেন রবিনের বড় ভাই জহিরুল ইসলাম।
জহিরুল সাংবাদিকদের বলেন, ১৫ মার্চ রবিনকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ডে বাসে তুলে দেন। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। মাদ্রাসায় সে যায়নি। নিখোঁজের পর থেকে তাঁরা সবাই উৎকণ্ঠায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, রবিনের সন্ধান পেতে দেশের সব থানায় বেতারবার্তার মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে।