১৫ মাস পর আজ প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছেন। তিনি বেলা ১১টায় ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় বসবেন।সভায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যত্ পরিকল্পনা ও এর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট সরকারি সূত্র এ খবর জানিয়েছে।বর্তমান সরকার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তাঁর অধীনে থাকা এ মন্ত্রণালয়ে প্রথম গিয়েছিলেন গত বছরের ১৫ জানুয়ারি। আজ দ্বিতীয়বারের মতো যাচ্ছেন। প্রথমবারের সভায় প্রধানমন্ত্রী কয়লানীতি প্রণয়ন, এশিয়া এনার্জির সঙ্গে সরকারের চুক্তি, কয়লা উত্তোলন, ফেঞ্চুগঞ্জে নতুন তৈরি সরকারি খাতের ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্রটি দ্রুত চালু করা, সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধান প্রভৃতি বিষয় আলোচনা করেছিলেন; যার একটি ক্ষেত্রেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি নেই।তবে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভোলায় প্রাপ্ত গ্যাস ব্যবহার করে সেখানে ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্র নির্মাণ, রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়ানো, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতায় বেসরকারি খাতে ছোট ছোট বিদ্যুেকন্দ্র স্থাপন, সৌরবিদ্যুৎ উত্পাদন-ব্যবস্থা সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।লোডশেডিং নিয়ে অভিযোগ: ঢাকায় রাত ১২টার পর একটানা এক ঘণ্টা করে লোডশেডিং করার পদক্ষেপ সর্বত্র কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছেন মালিবাগ চৌধুরীপাড়া, শনির আখড়া ও ধানমন্ডির জাফরাবাদ এলাকার কয়েকজন গ্রাহক। তাঁরা গতকাল ফোনে প্রথম আলোকে বলেন, রাত একটা-দুটার সময়ও লোডশেডিং হলে একটানা দুই ঘণ্টাই তা অব্যাহত থাকে।