১৫ মাস পর দেশে ফিরল পাঁচ কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আটক থাকা পাঁচ কিশোর ১৫ মাস পরে দেশে ফিরেছে। জাতীয় মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিবারের স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ফিরে আসা কিশোরদের মধ্যে তিনজনের বাড়ি নওগাঁ ও দুজনের সাতক্ষীরা জেলায়। ভারতের অভিবাসন পুলিশ গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় মহিলা আইনজীবী সমিতি ও কলকাতার ধ্রুব আশ্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, নানা ধরনের প্রলোভন দেখিয়ে দালালেরা বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ভারতে পাচার করেছিল। ১৫ মাস আগে কলকাতা পুলিশ তাদের আটক করে। সেখান থেকে তাদের কলকাতার ধ্রুব নামে একটি বেসরকারি সংস্থার হেফাজতে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও ধ্রুবর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
এক অভিভাবক বলেন, ছেলে দশম শ্রেণিতে পড়ার সময় পকেট খরচের টাকা নিত। এ জন্য একদিন তাকে থাপড় দিলে অভিমান করে দুই বন্ধুর সঙ্গে সে ভারত চলে যায়। দেড় মাস পর সে ফোন করে জানায়, তারা ভারতে পুলিশের হাতে ধরা পড়েছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোরের সমন্বয়কারী নাসিমা খাতুন বলেন, কিশোরদের মধ্যে বেশি কৌতূহল থাকে। দালালেরা ওই কিশোরদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। রাষ্ট্রীয় পর্যায়ে চিঠি চালাচালি করে ট্রাভেল ভিসার মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে।