প্রথম পাসপোর্টটি আমি পেয়েছি। এ যেন আমার ও বান্দরবানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না—বান্দরবানের আঞ্চলিক কার্যালয় থেকে পাসপোর্ট পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী উন্নয়ন কর্মী ক্য খই উ মার্মা।
প্রতিষ্ঠার ১৫ মাস পর গতকাল বুধবার বান্দরবান কার্যালয় থেকে ৫০টি পাসপোর্ট দেওয়া হয়েছে। বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর পাসপোর্ট তুলে দেন ক্য খই উ মার্মার হাতে। এ সময় পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রাশিদ উপস্থিত ছিলেন।
পাসপোর্ট নিতে আসা ব্যবসায়ী বিমল কান্তি দাশ বলেছেন, বান্দরবান থেকে পাসপোর্ট দেওয়া শুরু হওয়ায় মানুষের সময় সাশ্রয় হবে, ভোগান্তি কমবে। অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর জানিয়েছেন, এখন থেকে জেলার স্থায়ী বাসিন্দারা বান্দরবান কার্যালয় থেকেই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট পাবেন।
পাসপোর্ট কার্যালয় সূত্র জানিয়েছে, ২০১৩ সালের অক্টোবরে পাসপোর্ট কার্যালয় চালু হলেও গত বছরের ডিসেম্বর থেকে পাসপোর্টের আবেদন নেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাওয়া ১২৭টি আবেদনের মধ্যে গতকাল ৫০টি পাসপোর্ট দেওয়া হয়েছে।