১৫ মাস পরও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিল অধিবেশনের ১৫ মাস পরও পাবনা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এতে স্থবির হয়ে পড়েছে দলীয় কর্মকাণ্ড। নেতা-কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অগণতান্ত্রিকভাবে কমিটি গঠনের চেষ্টা করায় পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২ মে জেলা ছাত্রলীগের কাউন্সিল অধিবেশন হয়। এতে তৃণমূলের নেতা-কর্মীদের ভোটে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু আলোচনা শেষে ভোটগ্রহণের কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক টুকু এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন আহম্মেদ শরীফকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এতে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকা তৃণমূল নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। তাঁরা এই ঘোষণার প্রতিবাদে শহরের আবদুল হামিদ সড়কে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ নতুন সভাপতি ও সম্পাদককে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়। কিন্তু এক বছর তিন মাস পরও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও ছাত্রলীগের নেতা আবদুল আজিজ অভিযোগ করেন, অগণতান্ত্রিক উপায়ে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ঘোষণা করা হয়েছে। এখানে কাউন্সিলরদের মতামতের মূল্য দেওয়া হয়নি। ফলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় বর্তমান সভাপতি-সম্পাদক সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। তাঁদের ডাকে ছাত্রলীগের অধিকাংশ নেতা-কর্মীই সাড়া দেন না। ফলে গত ১৫ মাসে জেলা, সদর উপজেলা, পৌর ছাত্রলীগসহ জেলা শহরের সাত-আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে দল নেতৃত্বশূন্য হয়ে পড়ছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মেদ বলেন, দুজন নেতার ওপর নির্ভর করে কখনো জেলা ছাত্রলীগ চলতে পারে না। বর্তমান সভাপতি-সম্পাদক দলীয় প্রতিটি কার্যক্রমে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। দীর্ঘদিন ধরে জেলা ছাত্রলীগ বিশাল পরিসরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করলেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক দিবসটি পালনে কোনো কর্মসূচি দিতে পারেননি। জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দলের সব নেতা-কর্মীর সমন্বয়ে সুন্দরভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বর্তমান কমিটি কোনো ক্ষেত্রেই ব্যর্থ নয়। জেলা ছাত্রলীগসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ চলছে। খুব শিগগিরই এসব কমিটি ঘোষণা করা হবে।’ বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ বলেন, ‘দলীয় কর্মকাণ্ডে কখনো সবার মনরক্ষা হয় না। এখানে ক্ষোভ থাকবেই। তবে আমরা মিলিতভাবে সব কর্মকাণ্ড চালাতে চাই। ইতিমধ্যে জেলার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজসহ বেশ কয়েকটি স্থানে পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। দলীয় সব কর্মসূচি সঠিকভাবে পালন করা হচ্ছে।’