দেশে গত ১৫ মাসে এক লাখ ২৫ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। গণমাধ্যমের অগোচরে ঘটে যাওয়া বৃক্ষনিধনের সংখ্যা আরও বেশি। বেশির ভাগ গাছ কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃতিপ্রেমীদের সংগঠন তরু পল্লব এ তথ্য প্রকাশ করেছে।প্রশাসনিক দুর্বলতা ও বন বিভাগের উদাসীনতার সুযোগে কিছু চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে বৃক্ষনিধন করে আসছে। চক্রটি গাছ কেটে ইটের ভাটায় পাচার থেকে শুরু করে উপকূলীয় প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের তৈরি, পাহাড়ের মাটি কেটে বিক্রি এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মধ্য দিয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি করছে।গতকাল শনিবার রাজধানীর ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে এক কর্মশালায় তরু পল্লব এ প্রতিবেদন উপস্থাপন করে। ‘বৃক্ষনিধন ও বন উজাড়: পনের মাসের খতিয়ান’ শীর্ষক প্রতিবেদনটি সংগঠনের পক্ষে প্রকৃতিবিষয়ক লেখক মোকারম হোসেন উপস্থাপন করেন। বক্তব্য দেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, বিপ্রদাশ বড়ুয়া, উদ্ভিদবিশেষজ্ঞ শামসুল হক ও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সাদাত সেলিম।বিপ্রদাশ বড়ুয়া বলেন, ‘কোথাও ঘুরতে বের হলে নিজের চেয়ে বেশি বয়সী দেশি গাছ দেখলে ভালো লাগে। বন ও পার্ক থেকে দেশি গাছ খুঁজে এনে তা খোলা জায়গায় লাগানো দরকার।’দ্বিজেন শর্মা দেশি গাছের একটি তালিকা উপস্থাপন করে বলেন, ধুলিচাপা, চাউলমুগড়া, বন আসড়া, নাগেশ্বর, ধুন্দলের মতো দেশি গাছ নার্সারিগুলোতে দেওয়া উচিত। কোথায় বীজ ও চারা পাওয়া যাবে, তার নির্দেশনা দেওয়া উচিত।বাংলাদেশ নার্সারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সারা দেশে নার্সারির সংখ্যা ছিল প্রায় ১২ হাজার। এই তথ্য উল্লেখ করে মোকারম হোসেন বলেন, আগামী ১০ বছর কোনো গাছ কাটা যাবে না এমন নির্দেশনাসহ আইন করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। নার্সারির কর্মীদের এ জন্য প্রশিক্ষণ দরকার।প্রতিবেদনে বলা হয়, ‘পর্যালোচনা করে দেখা যায়, তুলনামূলক দেশের তিন পার্বত্য জেলার বন উজাড়ের খবর অনেক কম। তাহলে কি আমরা ধরে নেব যে পার্বত্য জেলাগুলোর বন-অরণ্য যথাযথভাবে সংরক্ষিত রয়েছে। যদি তা হতো, তাহলে ভালোই হতো। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গত ৪০ বছরে বৃক্ষসম্পদে সমৃদ্ধ এই সবুজ পাহাড়গুলো ন্যাড়া ও নিষ্প্রাণ মরুতে পরিণত হয়েছে।’প্রতিবেদনের বলা হয়েছে, ‘অনুসন্ধানে দেখা গেছে, পাহাড়ি অঞ্চলগুলোতে বনভূমি নিশ্চিহ্ন হওয়ার নেপথ্য কারণ অপরাধী চক্র ও সরকারের বন বিভাগ। বন বিভাগের যোগসাজশেই আমাদের সুদৃশ্য পাহাড়গুলো বৃক্ষহীন হয়েছে। কারণ, একজন সাধারণ মানুষ ইচ্ছা করলে বিনা অনুমতিতে সড়কপথে কোনো পার্বত্য জেলা থেকে এক টুকরো কাঠও নিয়ে আসতে পারে না।’প্রস্তাবিত দেশি গাছ: তরু পল্লবের পক্ষ থেকে বেশ কিছু দেশি গাছের তালিকা উপস্থাপন করে তা লাগাতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। গাছগুলোর নাম দুলিচাপা, সুন্দি, হাড়গোজা, কুদুমি, চাউলমুগড়া, বনঝাউ/চরঝাউ, কাউ, ডেফল, নাগেশ্বর, সুলতানচাঁপা, মাকড়িশাল, দুলিয়া গর্জন, তেলশুর, শাল, কাশিপালা, বনকুলা, বন আসড়া, উদাল, বুদ্ধনারিকেল, মস, রামধনচাঁপা, করঞ্জা, পাদাউক, লালসোনাইল, সোনালু, কুকিতেঁতই, গুয়েবাবলা, লকেট ফুল, কুম্ভী, ঢাকি-জাম, রামডালু, ছইলা, আকরকাঁটা, কেলিকদম, বনকমল, কুরচি, পালাম, ইন্দ্রযব, দুধকরবী, পীতপাটলা, গড়শিঙ্গা, কাউয়াতুঁতি, গামারি, আগর, পুইনাজাম, পিয়াল, লটকা/ভুবি, চাপলাস, পাকুড়, গোলসাগু।