পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম ওঠা বাংলাদেশিদের বিষয়টি এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। নথি প্রকাশের প্রায় ১৫ মাস পরও দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।
গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে বহুল আলোচিত অর্থ পাচারের ‘পানামা পেপারস’ কেলেঙ্কারি প্রকাশ পায়। এতে বাংলাদেশের ২১ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠানের নাম এবং ১৮টি ঠিকানা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) বাংলাদেশি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। এতে বলা হয়, এরা কর ফাঁকি দিয়ে অন্য দেশে অর্থ পাচার করেছে। এর আগে ২০১৩ সালে আইসিআইজে বাংলাদেশি আরও ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করে, যা অফশোর লিকস নামে পরিচিতি পায়। গত বছর প্রকাশিত তালিকায় আগের প্রকাশিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও ছিল।
পানামা পেপারস কেলেঙ্কারির আইসিআইজে প্রকাশিত তালিকায় যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও ঠিকানা রয়েছে, তারা কী পরিমাণ অর্থ পাচার করেছে, তার কোনো বিবরণ নেই। এমনকি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত পরিচয়ও নেই। তবে প্রকাশিত নাম ও ঠিকানা ধরে প্রথম আলো সরেজমিনে অনুসন্ধান করে কয়েকজনের পরিচিতি উদ্ধার করে। এ বিষয়ে গত বছরের ১১ মে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
পানামা পেপারস কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর দেশে দেশে তদন্ত ও বিচারের দাবি ওঠে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল। কিন্তু এরপর আর এর অগ্রগতি জানা যায়নি।
জানতে চাইলে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ১১টি দেশে ১১ জনের ব্যাপারে এমএলএআর (মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট) পাঠানো হয়েছিল। এর মধ্যে কয়েকজনের ব্যাপারে তথ্য এসেছে। তবে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। ১১ জনের মধ্যে কয়েকজন আছেন দ্বৈত নাগরিক।
অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য সেই অর্থে যাচাইযোগ্য ছিল না। কিন্তু পাকিস্তানে দুর্নীতিবিরোধী সংস্থাগুলো দায়িত্ব পালন করার কারণে নওয়াজ শরিফ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পাকিস্তানের এ ঘটনার শেষ কোথায়, তা এখনই বলা যাবে না। আর দেশটির উচ্চ আদালতের ভূমিকা নিয়েও বিতর্কের সুযোগ আছে। তবে পানামা কেলেঙ্কারি নিয়ে দেশটির উচ্চ আদালত দায়িত্বরত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা এবং এর জেরে তাঁর পদত্যাগ দক্ষিণ এশিয়ার জন্য দৃষ্টান্ত হতে পারে।
পানামা কেলেঙ্কারিতে যাঁদের নাম
বাংলাদেশি যেসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে তাঁরা হলেন কফিল এইচ এস মুয়িদ, পেসিনা স্টেফানো, রুডি বেঞ্জামিন, ইউসুফ রায়হান রেজা, ইশরাক আহমেদ, নভেরা চৌধুরী, মোহাম্মদ ফরহাদ গণি, মেহবুব চৌধুরী, বিলকিস ফাতিমা জেসমিন, রজার বার্ব, আবুল বাসার, জাইন ওমর, বেনজির আহমেদ, আফজালুর রহমান, সুধীর মল্লিক, জীবন কুমার সরকার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মোতাজ্জেরুল ইসলাম ও সেলিমুজ্জামান। এঁদের মধ্যে আফজালুর রহমান ও মোতাজ্জেরুল ইসলামের নাম দুবার করে রয়েছে। এর বাইরে কোনো নাম উল্লেখ না করে ‘দ্য বেয়ারার’ হিসেবে একটি নাম রয়েছে, তা-ও আবার দুবার।
এ ছাড়া পানামা পেপারস কেলেঙ্কারিতে যে তিনটি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো বাংলাদেশ বিমান ইনকরপোরেশন, ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিজ লিমিটেড। এর মধ্যে বাংলাদেশ বিমান ইনকরপোরেশন ও বাংলাদেশ টেক্সটাইল দুটির সংযোগ হিসেবে হংকংয়ের নাম উল্লেখ রয়েছে। আর ইসলামিক সলিডারিটি শিপিং কোম্পানির সংযোগ দেখানো হয়েছে সৌদি আরবকে।
এর বাইরে প্রতিষ্ঠানের তালিকায় একই সঙ্গে অফশোর লিকসের ঘটনায় উঠে আসা দুই বাংলাদেশি প্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয়েছে। সেগুলো হলো এসার বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এসার বাংলাদেশ হোল্ডিংসের সংযোগ হিসেবে সিঙ্গাপুর ও টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানির সংযোগ হিসেবে সাইপ্রাসের ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের নাম রয়েছে।
নিয়ম অনুযায়ী, বাংলাদেশ থেকে অর্থ বা কোনো সম্পদ বাইরে নিয়ে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই। শুধু ভ্রমণ, চিকিৎসা খরচ বাবদ নির্ধারিত পরিমাণ অর্থ বাইরে নেওয়ার বিধান রয়েছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত কাজে এলসি বা লেটার অব ক্রেডিটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন করা যায়। এর বাইরে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাবে রাখতে পারে।
পানামা কেলেঙ্কারিতে বিশ্বের ২০০ দেশের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রকাশ করা হয়। এসব ব্যক্তির মধ্যে ১৪০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাজনীতিকের নাম রয়েছে। এসব ব্যক্তি বিশ্বের ২১টি কর রেয়াত পাওয়া অঞ্চলে পাঠানো টাকায় গড়ে তুলেছেন তথাকথিত ব্যবসায়িক প্রতিষ্ঠান।