ফেনীতে অপহরণের এক ঘণ্টা পর উদ্ধার, সখীপুরে উদ্ধারের দাবিতে সমাবেশ
১৫ মাসেও সন্ধান মেলেনি প্যানেল মেয়রের
অপহরণের ১৫ মাসেও খোঁজ মেলেনি যশোরের বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলমের। পরিবারের অভিযোগ, তারিকুলকে অপহরণ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে র্যাব। টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ঘোনারচালা বাজারের নিখোঁজ ব্যবসায়ী নেতা আবদুল বারী মিয়াকে (৪৫) উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে কচুয়া বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ হয়েছে। এদিকে ফেনীর দাগনভূঞায় গতকাল অপহরণের এক ঘণ্টা পর জাহাঙ্গীর হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৭ মার্চ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তারিকুলকে অপহরণ করা হয়। এ ঘটনার পাঁচ দিন পর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করা হয়। তিন মাস পর মামলার তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। প্রায় আট মাস এ মামলার তদন্তের ভার ছিল ডিবির তেজগাঁও জোনাল টিমের অধীনে। বর্তমানে মামলাটি ডিবির মানবপাচার প্রতিরোধ টিমের অধীনে আছে।
তারিকুলের স্ত্রী সালমা খাতুন গতকাল প্রথম আলোর কাছে হতাশা ব্যক্ত করে বলেন, তাঁর অপহূত স্বামীর মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, র্যাব তাঁর স্বামীকে অপহরণ করেছে বলে তাঁদের ধারণা। এমন ধারণার কারণ জানতে চাইলে তিনি বলেন, অপহরণের চার দিন আগে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলমের সমর্থকদের সঙ্গে তারিকুলের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর ৩ মার্চ রাত একটার দিকে র্যাবের একদল সদস্য তাঁদের বাড়ি এসে তারিকুলের খোঁজ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারিকুল যেখানেই থাকুন না কেন, তাঁকে কেউ বাঁচাতে পারবে না বলে হুমকি দেয় র্যাব।
সালমা খাতুন আরও বলেন, যেদিন তাঁর স্বামীকে অপহরণ করা হয়, সেদিন বিএনপি-জামায়াতের হরতাল ছিল। হরতালের মধ্যে গাড়ি নিয়ে রাজধানী থেকে কাউকে অপহরণ প্রায় অসম্ভব।
অভিযোগ অস্বীকার করে র্যাবের-৬ কমান্ডিং অফিসার মাসুদুর রহমান বলেন, অপহরণ হলেই র্যাবের ওপর দোষ চাপানোর এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে। এর পরও বিষয়টি খতিয়ে দেখা হবে। ডিবির ঢাকা কার্যালয়ের সহকারী কমিশনার ও তেজগাঁও জোনাল টিমের সুপারভাইজার আবুল কাসেম বাকি বিল্লাহ বলেন, ‘ইতিমধ্যে চার-পাঁচজন তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছেন। এখন কে মামলাটির তদন্তের দায়িত্বে আছেন, তা আমার জানা নেই।’
সালমা আরও জানান, অপহূত হওয়ার দুই দিন পর তাঁর স্বামীর মুঠোফোন থেকে তাঁর মুঠোফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তিনি বিকাশ নম্বরে প্রথমে পাঁচ লাখ ও পরে তিন লাখ টাকা পাঠান।
ফেনী: দাগনভূঞায় গতকাল অপহরণের এক ঘণ্টা পর জাহাঙ্গীর হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, স্থানীয় সন্ত্রাসী লাতু, শিমুল, জাহাঙ্গীর ও হাসান কয়েক দিন থেকে জাহাঙ্গীরের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। জাহাঙ্গীর এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অপহরণ করা হয়।
সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ঘোনারচালা বাজারের ব্যবসায়ী নেতা আবদুল বারী মিয়াকে (৪৫) উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে কচুয়া বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ করা হয়। এতে ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী যোগ দেন। কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুর রেজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ। আজ রোববার উপজেলা শহরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত মঙ্গলবার রাতে ঘোনারচালা বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারণার কাজে বের হয়ে বারী মিয়া আর বাসায় ফেরেননি। তিনি ওই নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী ছিলেন।