১৫ মিনিটে দুটি দুর্ঘটনা নিহত ১, আহত ২৬
চট্টগ্রাম নগরের রাজাখালী ও শাহ আমানত সেতুতে ১৫ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও ২৬ জন আহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে আটটার দিকে রাজাখালী এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালক সৈয়দ হোসেন (৩০) নিহত হন। আহত হন মো. জহির (২৯) ও মো. তৌহিদ (২০)।
সকাল পৌনে নয়টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় বেলামি টেক্সটাইলের ২৪ জন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
চট্রগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে জানান, নগরের রাজাখালী এলাকার জিন্নাত ফ্যাশনের সামনে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সৈয়দ হোসেনসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় গাড়ি দুটি আটক করা গেলেও বাসচালককে আটক করা যায়নি।
দুর্ঘটনার শিকার বেলামি টেক্সটাইলের পোশাকশ্রমিক টুম্পা দে ও রুম্পা বড়ুয়া প্রথম আলোকে বলেন, বাসটি নগরের দেওয়ানহাট থেকে পটিয়ার মইজ্জ্যারটেক এলাকার কারখানায় যাচ্ছিল। কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই কমবেশি আহত হয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, কর্ণফুলীর শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে ওই বাসে থাকা ২৪ জন পোশাকশ্রমিক আহত হয়। তাঁদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বেলামি টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক নুরুল হক প্রথম আলোকে বলেন, আহত ২৪ জনের মধ্যে ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত।