মাত্র ১৫ মিনিটের ব্যবধানে চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। নিহত সৈয়দ হোসেন টেম্পোচালক। আর আহত ব্যক্তিদের ২৪ জনই পোশাকশ্রমিক।
গতকাল রোববার সকাল সাড়ে আটটায় নগরের রাজাখালী এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালক নিহত হন। আহত দুজন হলেন টেম্পোর যাত্রী মো. জহির (২৯) ও মো. তৌহিদ (২০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, নগরের রাজাখালী এলাকার জিন্নাত ফ্যাশনের সামনে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোচালকসহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান।
নিহত সৈয়দ হোসেন রাজাখালী এলাকার বাসিন্দা মোজাহের মিয়ার ছেলে।
এদিকে গতকাল সকাল পৌনে নয়টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় আরেকটি বাস দুর্ঘটনায় বেলামি টেক্সটাইলের ২৪ পোশাকশ্রমিক আহত হয়েছেন। ওই বাসে প্রায় ৩৫ জন পোশাকশ্রমিক ছিলেন। পোশাক কারখানাটি পটিয়ার মইজ্জ্যারটেক এলাকায় অবস্থিত।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে পোশাকশ্রমিকদের বহনকারী বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাসে থাকা ২৪ জন পোশাকশ্রমিক আহত হন। তাঁদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসে থাকা বেলামি টেক্সটাইলের পোশাকশ্রমিক টুম্পা দে ও রুম্পা বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁদের বহনকারী বাসটি নগরের দেওয়ানহাট থেকে পটিয়ার মইজ্জ্যারটেকের কারখানায় যাচ্ছিল। শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে টোলবক্স এলাকায় পৌঁছানোর পর তাঁদের বহনকারী বাসটি সামনে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে তাঁদের বাসে থাকা যাত্রীদের অধিকাংশই কমবেশি আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁদের হাসপাতালে ভর্তি করে।
বেলামি টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক নুরুল হক প্রথম আলোকে বলেন, আহত ২৪ জনের মধ্যে ১৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত বলে চিকিৎসক তাঁদের বলেছেন।